বুধবার সন্ধে ছটায় সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভার সম্প্রসারণের ঘোষণা। কারা যাচ্ছেন, আর কারা থাকছেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। নতুন বেশ কয়েকটি মুখকে এবার দেখা যাবে মোদির মন্ত্রিসভায়। ইতিমধ্যেই পদত্যাগ করেছেন এ রাজ্য থেকে দেবশ্রী চৌধুরী ও বাবুল সুপ্রিয়। সূত্রের খবর দেবশ্রীকে সংগঠনের কাজে লাগাতে চাইছে বিজেপি। মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হওয়ায় হতাশা গোপন করেননি বাবুল সুপ্রিয়। ফেসবুকে পোস্ট করে বাবুল সুপ্রিয় লেখেন, ‘হ্যাঁ, যেখানে ধোঁয়া দেখা যাচ্ছে, সেখানে কিছু আগুন তো থাকবেই। যাঁরা আমাকে ভালোবাসে, সেই বন্ধু, মিডিয়ার ফোন আমি ধরতে পারছি না। হ্যাঁ, আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছি। আমাকে পদত্যাগ করতে বলা হয়েছে।’ এরপরই বাবুল সুপ্রিয় বলেন, ‘প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আমাকে দেশের মানুষের সেবা করার সুযোগ দেওয়ার জন্য। আমি খুবই খুশি যে কোনওরকম দুর্নীতির অভিযোগ ছাড়াই আমি কাজ করেছি। আমার সংসদীয় এলাকা আসানসোলের মানুষকেও ধন্যবাদ আমার উপর ভরসা রাখার জন্য।’ফেসবুকে বাবুল সুপ্রিয় আরও লেখেন, ‘আমার সহকর্মীদের শুভেচ্ছা যারা এবার দায়িত্ব পেতে চলেছেন। আমার নিজের জন্য খুব খারাপ লাগছে, আবার ওদের জন্য খুব ভালোও লাগছে।’ এই ফেসবুক পোস্টেই যেভাবে বাবুল নিজের হতাশা ও ‘ক্ষোভ’ ব্যক্ত করেছেন, তা বিশেষ তাত্‍পর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। 

https://www.facebook.com/195086033867546/posts/4273631919346250/