বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কলকাতার একাধিক কেন্দ্রে প্রাক্তন কাউন্সিলর ও কাউন্সিলর পদে লড়াই করা নেতাদের প্রার্থী করল সিপিএম । নির্বাচন ঘোষণার মাত্র 24 ঘণ্টার মধ্যেই প্রথম দফায় 192 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট । সেই তালিকায় কলকাতার বেশ কয়েকটি কেন্দ্রে দেখা গেল পুরনো কর্পোরেশন রাজনীতির পরিচিত মুখ । গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কলকাতায় একাধিক কাউন্সিলরকে প্রার্থী করে সাফল্য পেয়েছিল । কলকাতা বন্দর থেকে ফিরহাদ হাকিম, বেলগাছিয়া–কাশীপুরে অতীন ঘোষ, রাসবিহারীতে দেবাশিস কুমার, যাদবপুরে দেবব্রত মজুমদার, বেলেঘাটায় পরেশ পাল এবং বেহালা পূর্বে রত্না চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছিল তৃণমূল । ফিরহাদ হাকিম ও পরেশ পাল ছাড়া বাকি অধিকাংশই প্রথমবার বিধানসভায় লড়ে জয় পান । এমনকী অতীতে দলের কাউন্সিলর সন্তোষ পাঠককে বিধানসভায় পাঠিয়েছিল কংগ্রেস ৷ একইভাবে বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে গত উপ নির্বাচনের পর এবারও বিধানসভায় প্রার্থী করেছে বিজেপি ৷ পর্যবেক্ষকদের অনেকের মতে, সেই অভিজ্ঞতাকেই সামনে রেখে এবার একই পথে হাঁটল বাম শিবির । শুক্রবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেন । তাতে যাদবপুর কেন্দ্রে সিপিএম প্রার্থী করা হয়েছে বিকাশরঞ্জন ভট্টাচার্যকে । 2005 থেকে 2010 পর্যন্ত কলকাতা পুরসভার মেয়র ছিলেন তিনি । পরে তাঁকে রাজ্যসভাতেও পাঠানো হয়েছিল । বেহালা পশ্চিমে সিপিএম প্রার্থী হয়েছেন নীহার ভক্ত । তিনি 2010-15 সময়কালে কলকাতা পুরসভার কাউন্সিলর ছিলেন । অন্যদিকে কলকাতা বন্দর কেন্দ্রে সিপিএমের প্রার্থী ফয়েজ আহমেদ খান, যিনি একাধিকবার কাউন্সিলর নির্বাচনে জয়ী হয়েছেন । বিকাশ ভট্টাচার্যের মেয়র আমলে তিনি মেয়র পারিষদ হিসেবে উদ্যান বিভাগের দায়িত্বও সামলেছিলেন ।

এছাড়াও কসবা কেন্দ্রে সিপিএম প্রার্থী করা হয়েছে দীপু দাসকে । তিনিও একাধিকবার কাউন্সিলর নির্বাচনে জয়ী হয়েছেন । বেলেঘাটা কেন্দ্রে সিপিএম প্রার্থী হয়েছেন পারমিতা রায়, যিনি অতীতে কাউন্সিলর পদে লড়েছিলেন । অন্যদিকে মানিকতলা কেন্দ্রটি সিপিআইকে ছেড়ে দিয়েছে সিপিএম । সেখানে সিপিআই প্রার্থী মৌসুমী ঘোষ, তিনিও অতীতে কাউন্সিলর নির্বাচনে প্রার্থী ছিলেন । বামফ্রন্ট সূত্রের খবর, শ্যামপুকুর কেন্দ্র নিয়ে জোটের শরিকদের মধ্যে কিছু মতভেদ রয়েছে । এতদিন ওই কেন্দ্রটি ফরোয়ার্ড ব্লকের দখলে থাকলেও এবার সিপিএম সেটি চাইছিল । শরিক দল ছাড়লে সেখানে প্রাক্তন সিপিএম কাউন্সিলর অজয় সাহাকে প্রার্থী করার পরিকল্পনা ছিল । তবে এখনও পর্যন্ত সেই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়নি । রাজনৈতিক মহলের মতে, কর্পোরেশন রাজনীতিতে থাকা নেতাদের বড় শক্তি হল জনসংযোগ । এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ, স্থানীয় সমস্যায় সরাসরি ভূমিকা- এই অভিজ্ঞতাকেই এবার বিধানসভা ভোটে কাজে লাগাতে চাইছে বাম শিবির । অন্যদিকে তৃণমূল কংগ্রেসও খুব শিগগিরই তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে । দলীয় সূত্রে খবর, কয়েকটি কেন্দ্রে প্রার্থী বদলের সম্ভাবনাও রয়েছে । যদিও সবটাই এখনও জল্পনার পর্যায়ে ।

দমদম: ময়ূখ বিশ্বাস

রাজারহাট-নিউটাউন: সপ্তর্ষি দেব

বরানগর: সায়নদীপ মিত্র

পানিহাটি: কলতান দাশগুপ্ত

উত্তর দমদম: দীপ্সিতা ধর

কালীগঞ্জ: সাবিনা ইয়াসমিন ( তমন্নার মা)

নোয়াপাড়া: গার্গী চট্টোপাধ্যায়

খড়দহ: দেবজ্যোতি দাস

কামারহাটি: মানস মুখোপাধ্যায়

কাকদ্বীপ: নারায়ণ দাস

বারুইপুর পূর্ব: স্বপন নস্কর

সাতগাছিয়া: গৌতম পাল

বিষ্ণুপুর: শ্যামল দল

কসবা: দীপু দাস

যাদবপুর: বিকাশরঞ্জন ভট্টাচার্য

সোনারপুর উত্তর: মোনালিসা সিনহা

বেহালা পশ্চিম: নীহার ভক্ত

মহেশতলা: সায়ন বন্দ্যোপাধ্যায়

বেলেঘাটা: পারমিতা রায়

উদয়নারায়ণপুর: ষষ্ঠী মাজি

উত্তরপাড়া: মীনাক্ষী মুখোপাধ্যায়

শ্রীরামপুর: নবনীতা চক্রবর্তী

সিঙ্গুর: দেবাশিস চট্টোপাধ্যায়

চন্দননগর: মনীষ পন্ডা

আরামবাগ: বীথিকা পন্ডিত

হরিপাল: সৌমেন মুখোপাধ্যায়

চন্ডীপুর: রীতা দাস

পটাশপুর: সৈকত গিরি

কাঁথি উত্তর: সুতনু মাইতি

কাঁথি দক্ষিণ: তেহরান হুসেন

রামনগর: অশোক কুমার মাইতি

দাঁতন: শ্যামলকান্তি দাস পট্টনায়েক

ঝাড়গ্রাম: অর্জুন মাহাতো

কেশিয়ারি: মলিনা মুর্মু

খড়্গপুর সদর: মধুসূদন রায়

নারায়ণগড়: তাপস সিনহা

ডেবরা: সুমিত অধিকারী

ঘাটাল: শান্তিনাথ সাতিক

ঘাটাল: শান্তিনাথ সাতিক

বাঁকুড়া: অভয়ানন্দ মুখোপাধ্যায়

রঘুনাথপুর: গণেশ বাউরি

রানিবাঁধ: দেবলীনা হেমব্রম

কোতুলপুর: রামচন্দ্র রায়

সোনামুখী: অজিত রায়

খণ্ডঘোষ: রামজীবন রায়

বর্ধমান দক্ষিণ: সুদীপ্ত গুপ্ত

রায়না: সোমনাথ মাঝি

মেমারি: কৃষ্ণেন্দু ভদ্র

ভাতার: হাসিনা খাতুন

পূর্বস্থলী উত্তর: প্রদীপ সাহা

কাটোয়া: সঞ্জিত দাস

মঙ্গলকোট: মীরাজ আলম

আউশগ্রাম: চঞ্চল মাঝি

পাণ্ডবেশ্বর: প্রবীর মণ্ডল

দুর্গাপুর পূর্ব: সীমন্ত চট্টোপাধ্যায়

দুর্গাপুর পশ্চিম: প্রভাস সাঁই

জামুরিয়া: মহম্মদ সাব্বির হুসেন

আসানসোল: শিল্পী চক্রবর্তী

শিলিগুড়ি: শরদিন্দু চক্রবর্তী

প্রথম দফায় মোট ১৯২টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। বাকি আসনগুলির প্রার্থীদের নামও আগামী কয়েকদিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিমান বসু। প্রথম দফায় প্রকাশিত প্রার্থী তালিকায় রয়েছেন ২৮ জন মহিলা।

আগের দিনই বিমান বসু বলেছিলেন, ‘জোট নিয়ে বোঝাপড়া করছি। বামফ্রন্ট গত ভাবে হচ্ছে এবং একটা হচ্ছে বামফ্রন্টের সহযোগী। বামপন্থার পুনরুত্থান আমরা করতে চাই। তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই। বিজেপি-তৃণমূল বিরোধী সব শক্তিকে একজায়গায় করাই আমাদের লক্ষ্য।’