সর্বোচ্চ আদালতে পঞ্চম বেতন কমিশনের মহার্ঘ ভাতা (Dearness Allowance) সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা ছিল ২৭ মে বুধবার। তবে আপাতত শুনানি চার সপ্তাহ পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারী পরিষদ। রাজ্যে পালাবদলের পর এই প্রথম ডিএ মামলা শুনানির জন্য ওঠার কথা ছিল সুপ্রিমকোর্টে।

সূত্রের খবর, অ্যাডভোকেট অন রেকর্ড উদ্যম মুখার্জী সুপ্রিম কোর্টে মামলার শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি জমা দিয়েছেন। আসলে আগামী ৩০শে মে রাজ্য সরকারের সঙ্গে কর্মী সংগঠনগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে মুখ্যমন্ত্রীর। সেখানে কী সিদ্ধান্ত হয় সেদিকে তাকিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভোটের আগে বিজেপির প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় এলে মেটানো হবে বকেয়া ডিএ, আসবে নয়া পে কমিশন। ইতিমধ্যেই সপ্তম পে কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হলেও ডিএ নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি রাজ্য সরকার। এই অবস্থায় সরকারি কর্মীদের ক্ষোভ বাড়ছিল। এই পরিস্থিতিতে আগামী ৩০শে মে, রাজ্যের নতুন সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী কর্মী সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছেন।