কল্যাণী এইমসের নার্সিং কলেজে ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরি। মাসিক বেতন প্রায় ৩০ হাজার টাকা। নিয়োগের জন্য লিখিত ও মিনিটে ৩৬ শব্দ টাইপের পরীক্ষা হয়েছিল। কিন্তু অভিযোগ, এসব কিছুই করতে হয়নি মৈত্রী দানাকে। বরং ১ এপ্রিল থেকে এই কেন্দ্রীয় প্রতিষ্ঠানে সরাসরি কাজে যোগ দিয়েছেন তিনি। কীভাবে? প্রথমত তিনি বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে। দ্বিতীয়ত, তাঁকে নিয়োগের জন্য সুপারিশ করেছিলেন কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার। স্বজনপোষণের মাধ্যমে জনপ্রতিনিধিদের আত্মীয়দের এভাবে চাকরি পাওয়াকে ভালো চোখে দেখেননি বিজেপি কর্মীরাই। স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে নালিশ ঠুকেছেন দলেরই কর্মী পার্থ চট্টোপাধ্যায়। গত ৬ মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠানো ইমেলে তিনি লেখেন, মাত্র ৭ দিন আগে কল্যাণী এইমসে চাকরির নিয়োগপত্র পেয়েছেন চাকদহ-এর বঙ্কিম ঘোষের পুত্রবধূ। একই ভাবে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রীও এইমসে চাকরি পেয়েছেন।এরপরেই তাঁর অভিযোগ, দলের যে সমস্ত কর্মী খুন হলেন, তৃণমূলের সঙ্গে লড়াই করছেন, কিংবা যারা দলের হয়ে কাজ করছেন তারা এবং তাদের পরিবার বঞ্চিত। বিধায়ক বা সাংসদরা এমনিতেই দল থেকে অনেক কিছু পেয়েছেন। তারপরেও এভাবে স্বজন পোষণ করছেন।’ স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ নিয়ে রাজ্যে চলতি বিতর্কের মধ্যে পরীক্ষা ছাড়াই কেন্দ্রীয় প্রতিষ্ঠানের চাকরিতে বিজেপির স্বজনপোষণের ঘটনায় ক্ষোভ তৈরি হয়েছে গেরুয়া শিবিরের অন্দরে।