শুক্রবার বিধানসভায় পাশ হয়ে গেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করতে সার্চ কমিটি সংক্রান্ত সংশোধনী বিল। এদিন ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি ল (সংশোধনী) বিল ২০২৩’ পাশ হল ১২০-৫১ ভোটে। বিলটি পাশ হওয়ার সঙ্গে সঙ্গেই অধিবেশন থেকে বেরিয়ে যান বিরোধী বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই বিলের বিরোধিতা করে বিক্ষোভ দেখান তাঁরা। বিধানসভায় পাশ হওয়া এই বিলে রাজ্যপাল সিভি আনন্দ বোস স্বাক্ষর করলেই তা আইনে পরিণত হবে। এই বিলে যাতে রাজ্যপাল স্বাক্ষর না করেন, সেই কারণে অধিবেশন শেষ হতেই বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গার নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজভবনে যান। তাঁরা ওই বিলে স্বাক্ষর না করার অনুরোধ করেন। সার্চ কমিটি গঠনে পরিবর্তন এনে গত মে মাসে অর্ডিন্যান্স জারি করা হয়েছিল। সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাই কোর্টের নির্দেশে একজন ইউজিসি চেয়ারম্যানের প্রতিনিধি ও একজন মুখ্যমন্ত্রীর প্রতিনিধিকেও আনা হয় কমিটিতে। নতুন বিলের নিদান অনুযায়ী, ওই কমিটিতে থাকবেন সরকার এবং উচ্চ শিক্ষা সংসদের মনোনীত এক জন করে প্রতিনিধি। বিজেপি পরিষদীয় দলের অভিযোগ, এই বিলের মাধ্যমে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্যপালের ক্ষমতা খর্ব করে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের হাতে নেওয়া হচ্ছে।