পেগাসাস ইস্যুতে ফের উত্তপ্ত সংসদ ৷ বৃহস্পতিবার বাদল অধিবেশনের তৃতীয় দিনের শুরুতেই মুলতুবি হয়ে গেল সংসদের দুই কক্ষের অধিবেশন ৷ লোকসভা ও রাজ্যসভা, দু’টিই বেলা ১২টা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে ৷ সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন ৷ অধিবেশন শুরুর ঠিক আগের দিন রবিবার রাত থেকেই সংবাদের শিরোনামে চলে আসে পেগাসাস ৷ অভিযোগ, এই সফটওয়্যারের মাধ্যমে অনেকের ফোনে আড়ি পাতছে কেন্দ্রীয় সরকার ৷ যদিও, এই অভিযোগকে একেবারে নস্যাৎ করে দেয় কেন্দ্র ৷ কিন্তু এই ইস্যুতে বিরোধীরা কেন্দ্রকে রেয়াত করতে নারাজ ৷ তাই সোমবার থেকে বিক্ষোভ চলছে সংসদের দুই কক্ষের অন্দরে ৷ ফলে সোমবার থেকে দফায় অধিবেশন মুলতুবি করতে হয়েছে অধ্যক্ষ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুকে ৷ তবে তাঁরা অন্যদিনের মতো এদিনও অধিবেশন চালানোর চেষ্টা করেন ৷ কিন্তু বিরোধীদের বিক্ষোভের জেরে অধিবেশন মুলতুবি করে দিতে হয় ৷ ফলে বেলা ১২টাতেও যে অধিবেশন সুষ্ঠুভাবে শুরু হবে, তা এখই বলা সম্ভব নয় ৷ বরং গোলমাল আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

