নির্মীয়মাণ বহুতলের একটি অংশ ভেঙে পড়ে বুধবার সন্ধ্যায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গুজরাতের গান্ধীনগরে। ঘটনাটি ঘটেছে রাজ্যের রাজধানীর কুদাসান এলাকায়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও উদ্ধারকারী দল। শুরু হয় দ্রুত উদ্ধারকাজ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নির্মীয়মাণ ভবনের একটি অংশ আচমকা ভেঙে পড়ার সময় সেখানে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। প্রায় ১০ থেকে ১৫ জন শ্রমিক ধ্বংসস্তূপের নীচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত চারজন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। দমকলের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে থাকা শ্রমিকদের খোঁজ শুরু করেছে। ধ্বংসস্তূপের নীচে কেউ আটকে রয়েছেন কি না, তা নিশ্চিত করতে তল্লাশি চালানো হচ্ছে। উদ্ধার হওয়া শ্রমিকদের শারীরিক অবস্থাও খতিয়ে দেখা হচ্ছে। ঠিক কী কারণে নির্মীয়মাণ ভবনের ওই অংশ ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন প্রশাসনিক আধিকারিকরা। উদ্ধারকাজ শেষ হওয়ার পরই ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এবং আহতদের বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানা গিয়েছে।

