আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের বহুল আলোচিত মামলার তদন্তে ফের সক্রিয়তা বৃদ্ধি করল সিবিআই। সোমবার সকালে সিবিআইয়ের সাত সদস্যের একটি বিশেষ প্রতিনিধি দল আরজি কর হাসপাতালে পৌঁছে তদন্তের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি ঘটনাস্থলের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পরিদর্শন করে। দীর্ঘদিন ধরে তদন্তের গতি নিয়ে প্রশ্ন উঠতে থাকায় এই সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সূত্রের খবর, হাসপাতালে পৌঁছেই সিবিআই প্রতিনিধিরা মেডিক্যাল সুপার তথা ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ড. সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে হাসপাতালের প্রশাসনিক নথিপত্র, ঘটনার সময়কার পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং তদন্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন৷ তদন্তকারীরা হাসপাতালের কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগও ঘুরে দেখেন। উল্লেখ্য, 2024 সালের 9 অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত অবস্থায় এক তরুণী চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সামনে আসে৷ পরে সেই ঘটনায় ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। রাজ্যজুড়ে প্রতিবাদ, আন্দোলন এবং ন্যায়বিচারের দাবিতে একাধিক কর্মসূচি দেখা যায়। পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। তদন্ত চলাকালীন সিবিআই হাসপাতালের একাধিক কর্মী, চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেছে। সংগ্রহ করা হয়েছে বিভিন্ন নথি, ডিজিটাল তথ্যপ্রমাণ এবং ফরেন্সিক রিপোর্ট। তবে এতদিন পরেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় বারবার অসন্তোষ প্রকাশ করেছেন নির্যাতিতার বাবা-মা। তাঁদের অভিযোগ, এখনও পর্যন্ত ঘটনার সম্পূর্ণ সত্য সামনে আসেনি এবং অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর অধরাই রয়ে গিয়েছে। এদিকে সম্প্রতি এই মামলার তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দলের (এসআইটি) এক সদস্যকে বদলি করা হয়েছে। সেই আবহেই সিবিআইয়ের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের হাসপাতাল সফর নতুন করে জল্পনা উসকে দিয়েছে। তদন্তের বিভিন্ন দিক কি নতুন করে পর্যালোচনা করা হচ্ছে? নতুন কোনও সূত্রের খোঁজ মিলেছে কি? এই প্রশ্নগুলি ঘুরপাক খাচ্ছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। রাজ্যে সরকার পরিবর্তনের পর আরজি কর-কাণ্ডের দ্রুত নিষ্পত্তি এবং নির্যাতিতার পরিবারের ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। অন্যদিকে, রবিবার এক সরকারি অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় ঘোষণা করেন যে আরজি কর মামলার ফাইল পুনরায় খোলা হবে এবং তদন্তকারী সংস্থাগুলির কাছে প্রয়োজনীয় নথি পাঠানো হবে। তার ঠিক পরের দিনই সিবিআইয়ের বিশেষ প্রতিনিধি দলের হাসপাতাল সফরকে ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে। তদন্তকারী সংস্থার তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে হাসপাতাল পরিদর্শন, প্রশাসনিক বৈঠক এবং তদন্ত-সংক্রান্ত নথি পর্যালোচনার মাধ্যমে মামলার তদন্তে নতুন গতি আসতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

