মাঝরাতে ১৭ লক্ষ ভোট কীভাবে সম্ভব? এই প্রশ্ন তুলে বিজেপিবন্ধু চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে কার্যত বোমা ফাটালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের স্বামী পারাকলা প্রভাকর। বুঝিয়ে দিলেন, কারচুপি করে মাঝরাতে যুক্ত হওয়া কয়েকলক্ষ রহস্যজনক ভোটের দৌলতেই ২০২৪-এ অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। সেই নির্বাচনের পর দু’বছর পার হয়ে গেলেও এখনও মোট ভোটদাতার সংখ্যা ও ভোটার তালিকা প্রকাশ না করেই অন্ধপ্রদেশে বহাল তবিয়তে ক্ষমতায় রয়েছেন তিনি। এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে এনডিএ শিবিরকে অত্যন্ত চাপের মুখে ফেলে দিলেন প্রভাকর। বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার পরই বুথ ছেড়ে চলে না আসেন। সেই সতর্কতার গুরুত্ব কতটা তা তুলে ধরলেন দেশের প্রবীণ অর্থনীতিবিদ তথা অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের স্বামী পারাকলা প্রভাকর। ২০২৪ সালে অন্ধপ্রদেশের বিধানসভা নির্বাচনে কীভাবে নির্বাচন কমিশনের কারচুপিতে মধ্যরাতে কয়েক লক্ষ ভোটার সংযুক্ত হয়েছিল অন্ধ্রপ্রদেশের ভোটার হিসাবে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কীভাবে নির্বাচনের দু’বছর পেরিয়ে গেলেও এখনও মোট ভোটদাতার সংখ্যা ও ভোটার তালিকা প্রকাশ না করেই অন্ধপ্রদেশের ক্ষমতায় রয়েছেন চন্দ্রবাবু নাইডু, রহস্যটা সেখানেই।