banganews.net

মেট্রোর অরেঞ্জ লাইনের নির্মাণকাজের জন্য চিংড়িঘাটা ফ্লাইওভারের একাংশে তিনদিনের জন্য যান চলাচলে আংশিক নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ। জননিরাপত্তা এবং যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে আগামী ১০ জুলাই রাত আটটা থেকে ১৩ জুলাই সকাল আটটা পর্যন্ত বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর থাকবে । এই সময়ে নির্দিষ্ট অংশে যান চলাচল বন্ধ রেখে বিকল্প রুট দিয়ে যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে । কলকাতা পুলিশের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, রেল বিকাশ নিগম লিমিটেডের উদ্যোগে অরেঞ্জ লাইনের নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে বিশ্ব বাংলা সরণির সুকান্ত নগর সংলগ্ন PP326 থেকে PP327 স্প্যানের মধ্যে সেগমেন্ট লঞ্চিংয়ের কাজ করা হবে । এই গুরুত্বপূর্ণ নির্মাণকাজের জন্যই চিংড়িঘাটা ফ্লাইওভারের ওই অংশে যান চলাচলে সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে । নগরপাল অজয় নন্দ মোটরযান আইন, কলকাতা পুলিশ আইন এবং পশ্চিমবঙ্গ ট্রাফিক নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশিকা জারি করেছেন । বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্মাণকাজ চলাকালীন চিংড়িঘাটা ফ্লাইওভার ব্যবহার করে উত্তরমুখী সমস্ত যানবাহনকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে ।
পুলিশের ট্রাফিক পরিকল্পনা অনুযায়ী, বেলেঘাটা মেন রোড এবং ইএম বাইপাস ক্রসিং থেকে উত্তরমুখী যানবাহনকে ব্রডওয়ের দিকে ডাইভার্ট করা হবে । ফলে চিংড়িঘাটা ফ্লাইওভারের ওই অংশ দিয়ে কোনও উত্তরমুখী গাড়ি চলাচল করতে পারবে না । ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে মোতায়েন থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করবে এবং প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী অতিরিক্ত ডাইভারশনও কার্যকর করা হতে পারে । এই বিশেষ ট্রাফিক ব্যবস্থা কার্যকর হবে ১০ জুলাই ২০২৬ রাত আটটা থেকে এবং চলবে ১৩ জুলাই ২০২৬, সকাল আটটা পর্যন্ত । অর্থাৎ টানা প্রায় ৬০ ঘণ্টা চিংড়িঘাটা ফ্লাইওভারের ওই অংশে এই ট্রাফিক নিয়ন্ত্রণ বলবৎ থাকবে । কলকাতা পুলিশের পক্ষ থেকে যানবাহন চালকদের অনুরোধ করা হয়েছে, যাঁদের এই রুট ব্যবহার করার পরিকল্পনা রয়েছে, তাঁরা আগে থেকেই বিকল্প রাস্তা বেছে নিন এবং অতিরিক্ত সময় হাতে নিয়ে রাস্তায় বেরোন । পাশাপাশি ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে চলার আবেদনও জানানো হয়েছে, যাতে নির্মাণকাজ নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার পাশাপাশি শহরের যান চলাচলেও অযথা বিঘ্ন না-ঘটে । মেট্রোর অরেঞ্জ লাইনের নির্মাণকাজ দ্রুত শেষ করার লক্ষ্যেই এই সাময়িক ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কলকাতা পুলিশ সূত্রে জানানো হয়েছে ।

উল্লেখ্য, এই কাজের জন্যই প্রথমে ৩-৬ জুলাই চিংড়িঘাটা উড়ালপুলের ওই অংশে যানচলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ৷ তবে পরে যান নিয়ন্ত্রণ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় কলকাতা পুলিশ ৷ পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত চিংড়িঘাটা উড়ালপুল ও চিংড়িঘাটা মোড় দিয়ে যানবাহন স্বাভাবিক নিয়মেই চলাচল করবে বলে জানানো হয় । তবে এবার সেই কাজের জন্যই ফের যান নিয়ন্ত্রণের বিজ্ঞপ্তি দেওয়া হল ৷