বিধানসভায় সই জালিয়াতির অভিযোগকে কেন্দ্র করে তদন্তে নতুন মোড়। সেই তদন্তের সূত্র ধরেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতার বাড়িতে পৌঁছল রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি-র দল।
হরিশ মুখার্জী রোডের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির দল। চার জনের একটি দল অভিষেকের বাড়ি শান্তিনিকেতনে যান। দুপুর ১টার পর সেখানে যান সিআইডির আধিকারিকরা। সূত্র মারফত জানা গিয়েছে, বিধানসভার সই জালিয়াতি কাণ্ডের তদন্তে অভিষেকের বাড়ি গিয়েছে সিআইডি। শেষ পাওয়া তথ্য মোতাবেক বাড়ির গেট খোলা হয়নি। শান্তিনিকেতনের এক কর্মী স্মরজিৎ দের কথায়, “অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবার বাড়িতে নেই।” শনিবার দুপুরে তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ির সামনে পৌঁছন রাজ্য গোয়েন্দা সংস্থার চার আধিকারিক। তাঁরা বেশ কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থাকেন। ডাকাডাকির পর ভিতর থেকে বেরিয়ে আসেন শান্তিনিকেতনের এক কর্মী স্মরণজিৎ দে। তিনি আধিকারিকদের জানান, ভিতরে ঢোকার অনুমতি নেই। বাড়িতে অভিষেক ও তাঁর পরিবারের কেউ নেই। তিনি বলেন, “আমি কিছু জানি না। স্যর (অভিষেক বন্দ্যোপাধ্যায়) ও তাঁর পরিবারের কেউ নেই। কোথায় গিয়েছেন আমি জানি না।” এরপরই সিআইডির আধিকারিকরা তাঁর নাম পরিচয় জেনে নেন। বাড়ির ভিতরে চলে যান ওই কর্মী। সূত্র মারফত জানা যাচ্ছে, বিধানসভায় পরিষদীয় দলনেতা প্রস্তাবে সই কাণ্ডের তদন্তে অভিষেকের বাড়িতে গিয়েছেন তদন্তকারীরা।

