ফের মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান ৷ উত্তরাখণ্ডের উত্তরকাশীর পর এবার জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলা ৷ দুপুর 12টা থেকে একটার মধ্যে মাচাইল মাতার মন্দিরে যাওয়ার পথে বৃহস্পতিবার মেঘভাঙা বৃষ্টি এবং হড়পা বানে 22 জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসনের আশঙ্কা ৷ ঘটনায় শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, “জম্মু-কাশ্মীরের কিশতওয়ারে মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার সমবেদনা এবং প্রার্থনা। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। উদ্ধার ও ত্রাণ কাজও চলছে। প্রয়োজনে সম্ভাব্য সকল সাহায্য দেবে কেন্দ্র ৷” মন্দিরে পৌঁছনোর আগে চসিটি গ্রামে মেঘভাঙা বৃষ্টির ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ এই গ্রাম পর্যন্তই গাড়ি চলে ৷ বাকি রাস্তা হেঁটেই যেতে হয় ৷ ঘটনার পর মন্দিরে বার্ষিক যাত্রা স্থগিত করা হয়েছে ৷ অন্যদিকে, উদ্ধার অভিযান ও ত্রাণের জন্য ঘটনাস্থলে রওনা দিয়েছে প্রশাসনের কর্তারা। কিশতয়ারের ডেপুটি কমিশনার পঙ্কজ কুমার শর্মা এবং পুলিশ সুপার নরেশ সিং উদ্ধার অভিযান তদারকির জন্য ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়েছেন বলেও জানা গিয়েছে। এনডিআরএফ-এর দল উধমপুর থেকে ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে বলেও খবর ৷ মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা কিশতওয়ারের পরিস্থিতি সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেন, “আমি জম্মুর কিস্তওয়ার অঞ্চলের পরিস্থিতি সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেছি। মেঘভাঙা বৃষ্টির জেরেই এই ক্ষয়ক্ষতি ৷ উদ্ধার অভিযান পরিচালনার জন্য জম্মু ও কাশ্মীরের ভিতর এবং বাইরে থেকে সম্ভাব্য যাবতীয় ত্রাণ সংগ্রহ করা হচ্ছে ৷” উপরাজ্যপাল মনোজ সিনহা দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে এক্স হ্যান্ডেলে লিখেছেন, “কিশতওয়ারে মেঘভাঙার ঘটনায় আমি মর্মাহত। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। উদ্ধারকার্য জোরদার করতে এবং ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সকল সহায়তা নিশ্চিত করতে সিভিল, পুলিশ, সেনাবাহিনী, এনডিআরএফ এবং এসডিআরএফ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে ৷”
জম্মু-কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান, মৃত ২২, চলছে উদ্ধার ও ত্রাণের কাজ
Byবঙ্গনিউজ
Aug 14, 2025
