এনআরসি নোটিস পেয়েছেন কোচবিহারের দিনহাটার বাসিন্দা। ঘটনাকে কেন্দ্র ফের এনআরসি আতঙ্ক বঙ্গজুড়ে। উত্তম কুমার ব্রজবাসী নামে ওই ব‍্যক্তির এনআরসি নোটিস পাওয়ার ঘটনায় এবার প্রতিক্রিয়া জানালেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। ‘গণতন্ত্রের উপর একটি পরিকল্পিত আক্রমণ’, বলে কেন্দ্রের তীব্র নিন্দা করলেন বাংলার মুখ‍্যমন্ত্রী। এক্স হ‍্যান্ডেলে পোস্ট করে মুখ‍্যমন্ত্রী লিখেছেন, ‘‘আমি হতবাক ও অত্যন্ত বিচলিত হয়েছি জেনে যে, কোচবিহারের দিনহাটার বাসিন্দা রাজবংশী সম্প্রদায়ের উত্তম কুমার ব্রজবাসীকে অসমের ফরেনার্স ট্রাইবুনাল, এনআরসি নোটিস জারি করেছে। গত ৫০ বছরেরও বেশি সময় ধরে তিনি এই বাংলার বাসিন্দা। তাঁর বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও, তাঁকে “বিদেশি/অবৈধ অনুপ্রবেশকারী” সন্দেহে হয়রানি করা হচ্ছে।’’ মুখ‍্যমন্ত্রী লিখেছেন, ‘‘এটি আমাদের গণতন্ত্রের উপর একটি পরিকল্পিত আক্রমণ ছাড়া আর কিছুই নয়। এটিই প্রমাণ করে যে অসমে ক্ষমতাসীন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেখানে তাদের কোনও ক্ষমতা বা অধিকার নেই। প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখানো, ভোটাধিকার কেড়ে নেওয়া এবং নিশানা করার একটি পূর্বপরিকল্পিত নোংরা চক্রান্ত চলছে। এই অসাংবিধানিক আগ্রাসন জনবিরোধী এবং এটি বিজেপির বিপজ্জনক ষড়যন্ত্রকে দিনের আলোর মত স্পষ্ট করে দিচ্ছে যে, গণতান্ত্রিক সুরক্ষাকে ধ্বংস করে বাংলার মানুষের পরিচয় মুছে ফেলার অপচেষ্টা চালাচ্ছে বিজেপি।’’