আদালতে রাজ্য সরকারকে যেন আর মুখ থুবড়ে পড়তে না হয়। সরকারি আইনজীবীদের সঙ্গে বৈঠকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে রাজ্য সরকারের প্যানেলে থাকা আইনজীবীদের নিয়ে একটি বিশেষ বৈঠক করেন তিনি। সেখানে আইনি লড়াইয়ে রাজ্যকে জেতানোর রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নবান্ন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনওভাবেই আদালতে রাজ্য সরকার যেন মামলায় না হারে। সরকারের ভাবমূর্তি রক্ষায় আইনজীবীদের আরও তৎপর হতে হবে বলেও মনে করেন তিনি। পাশাপাশি কলকাতায় রাজ্য় সরকরের আইনজীবীদের প্যানেলে রদবদলের ইঙ্গিতও দেন শুভেন্দু অধিকারী৷ ​এদিনের এই গুরুত্বপূর্ণ বৈঠকে নবান্ন সভাঘরে উপস্থিত ছিলেন কলকাতার আইনজীবীরা। পাশাপাশি, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের প্যানেলভুক্ত সরকারি আইনজীবীরাও ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠকে যোগ দেন। তৃণমূল সরকারের আমলে আদালতে রাজ্য সরকারের বারবার ধাক্কা খাওয়ার বিষয়টি এদিন মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। অতীতের সেই ধারা যাতে নতুন সরকারের আমলে অব্যাহত না থাকে, সে বিষয়ে কড়া নির্দেশ দেন। নবান্ন সূত্রের খবর, আইনজীবীদের মুখ্যমন্ত্রী বলেন, “আগের সরকারের সময় অনেক মামলায় আপনারা হেরে এসেছেন। কিন্তু আমরা এমন কোনও পরিস্থিতি হতে দেব না যার জন্য এরকম অবস্থা হয়।” প্রশাসনের একটি অংশ মনে করছে ​বর্তমান সরকারের আমলে আইনি পদক্ষেপগুলি যে আরও নিশ্ছিদ্র হতে চলেছে, সে কথাই এদিন স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী।