দেশজুড়ে NEET-UG, CUET, CBSE এবং SSC GD-র মতো বড় বড় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং প্রশাসনিক গাফিলতির অভিযোগে উত্তাল রাজধানী। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের একক দাবিতে শনিবার দিল্লির যন্তর মন্তরে এক বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করে যুবসমাজের নতুন সেনসেশন ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। এদিন শনিবার সকালে দিল্লির যন্তর মন্তরে শুরু হয়েছে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ। NEET-UG এবং অন্যান্য পরীক্ষার দুর্নীতির অভিযোগে এই আন্দোলন চলছে। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে সরাসরি আমেরিকা থেকে দিল্লি পৌঁছেছেন। তিনি আজ এই প্রতিবাদের নেতৃত্ব দিচ্ছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সরব হয়েছেন কর্মীরা। দিল্লি পৌঁছেই অভিজিৎ দিপকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেছেন। সাংবাদিকদের তিনি জানান, শিক্ষাব্যবস্থায় ছাত্রদের হতাশা বাড়ছে। এখন পর্যন্ত পাঁচ জন ছাত্র আত্মহত্যা করেছে বলে তিনি উল্লেখ করেন। তাই শিক্ষা মন্ত্রকের দায় নেওয়া উচিত বলে তিনি মনে করেন। পরিস্থিতির গুরুত্ব বিচার করে পদত্যাগের দাবি তুলেছেন তিনি। বিক্ষোভ কর্মসূচি প্রায় পাঁচ ঘণ্টা চলার পর শেষ হল। আজ সকাল ১০টা নাগাদ এই প্রতিবাদ শুরু হয়েছিল। শিক্ষা ব্যবস্থার নানা সমস্যা নিয়ে সরব হতে এদিন প্রচুর সংখ্যায় পড়ুয়া, যুবক এবং অভিভাবকরা শামিল হন। দুপুর ৩টে নাগাদ CJP প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং সমাজকর্মী সোনম ওয়াংচুক বিক্ষোভস্থল থেকে বিদায় নেন। এরপরই যন্তর মন্তরে জমায়েত হওয়া ভিড় ধীরে ধীরে কমতে শুরু করে এবং কর্মসূচির সমাপ্তি ঘটে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সোনম ওয়াংচুক বলেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগই এই আন্দোলনের শেষ লক্ষ্য নয়, বরং এটি একটি শুরু মাত্র। তাঁর দাবি, আসল লক্ষ্য হল দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার আনা।
