বিধানসভা নির্বাচনের দিন চারেক আগে মুখ্যমন্ত্রী স্ত্রী’র নাগরিকত্বের প্রশ্নে জোর তরজা অমসের রাজনীতিতে ৷ রবিবার কংগ্রেস নেতা পবন খেরা দাবি করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রী রিঙ্কি ভুঁইয়া শর্মার ভারত ছাড়া আরও তিনটি দেশের নাগরিক ৷ তাঁর কাছে তিনটি দেশের পাসপোর্ট আছে ৷ অভিযোগ অস্বীকার করে মুখ্যমন্ত্রী জানান, পবনের নামে মানহানির মামলা করবেন ৷ এদিনই আবার নির্বাচনী জনসভা থেকে হিমন্তকে দেশের সবথেকে বড় দুর্নীতিগ্রস্থ মুখ্যমন্ত্রী বলে অভিহিত করেন রাহুল গান্ধি ৷ সকালে দিল্লিতে কংগ্রেস সদর দফতরের সাংবাদিক সম্মেলন থেকে পবন দাবি করেন, রিঙ্কির কাছে ভারতের পাশাপাশি আরব, অ্য়ান্টিগা এবং বারবুডার পাসপোর্ট আছে ৷ এমন দাবি করে কেন্দ্রীয় সরকারের কাছে কংগ্রেস নেতার প্রশ্ন ভারতে দ্বৈত নাগরিকত্ব কি বৈধ ? এ প্রসঙ্গে হিমন্তকে কটাক্ষ করে পবন বলেন, “তিনি ভারতীয় মুসলিমদের দেশের প্রতি আনুগত্য নিয়ে প্রশ্ন তোলেন ৷ কিন্তু তাঁর স্ত্রীর কাছেই মুসলিম প্রধান দেশের পাসপোর্ট থাকে ৷ ” এদিন মুখ্যমন্ত্রী জায়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও করেন হাত শিবিরের এই প্রবীণ নেতা ৷ তাঁকে বলতে শোনা যায় রিঙ্কির নামে দুবাইতেও সম্পত্তি আছে ৷ কিন্তু নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় সেসবের কোনও উল্লেখ মুখ্যমন্ত্রী করেননি ৷ নিজের বক্তব্যের সমর্থনে বেশ কয়েকটি নথি তুলে ধরে কংগ্রেস নেতার দাবি, এই সম্পত্তির মধ্যে কতগুলি সরাসরি মুখ্যমন্ত্রীর স্ত্রীর নামে আছে ৷ কতগুলি আছে এমন একটি সংস্থার নামে যা অসমে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে ৷ অসমের বাসিন্দাদের তাঁদের মুখ্যমন্ত্রীর স্ত্রী সম্পর্কে এই ধরনের তথ্য় জানার অধিকার আছে দাবি করে পবনের অনুরোধ, নির্বাচন কমিশন বিষয়টি খতিয়ে দেখুক ৷ কংগ্রেসের আনা অভিযোগ প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন হিমন্ত ৷ তাঁর কটাক্ষ, অসম বিধানসভা নির্বাচন হার নিশ্চিত জেনেই হতাশা থেকে কংগ্রেস নেতারা এই ধরনের মন্তব্য করছেন ৷ তাঁর কথায়, “তিনি (পবন খেরা) যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন ৷ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই এসব বলা হচ্ছে ৷ আমি এবং আমরা স্ত্রী পবনের বিরুদ্ধে মানহানির মামলা করব ৷ আগামী 48 ঘণ্টার মধ্যেই তিনি মামলার কথা জানতে পারবেন ৷ যে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য তিনি করেছেন তাঁর দায় নিতেই হবে তাঁকে ৷” এই প্রসঙ্গে হিমন্তকে আক্রমণ করেছেন অসমের কংগ্রেস সভাপতি গৌরব গগৈও ৷ অতীতে গৌরবের স্ত্রীর পাকিস্তান-যোগ নিয়ে নানা মন্তব্য করেছিলেন হিমন্ত ৷ এদিন এক্স হ্য়ান্ডেলে করা একটি পোস্টে গৌরব গগৈ লেখেন, “একাধিক দেশের পাসপোর্ট রাখা বা সম্পত্তির সঠিক তথ্য না দেওয়া গুরুতর অপরাধ ৷ বিষয়টি তদন্ত করে দেখা দরকার ৷ মুখ্যমন্ত্রীর জন্য শুধু অসম নয় গোটা দেশ লজ্জিত ৷ যে অপরাধ তিনি করেছেন তার জন্য জবাবদিহিও তাঁকে করতেই হবে ৷ ” এদিকে এদিনই বিশ্বনাথ চারালি জেলায় নির্বাচনী জনসভা করতে আসেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ সভা থেকে একাধিক প্রশ্নে হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে দুর্নীতি-সহ আরও নানা অভিযোগ এনে কংগ্রেসের এই প্রাক্তন সভাপতির দাবি, অসমের 98 হাজার 400 বিঘা জমি তিনটি কর্পোরেট সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে ৷ তার বদলে তারা বিজেপিকে অর্থ দিয়ে সাহায্য করেছে ৷

https://twitter.com/i/broadcasts/1nJOLEmrbdZxR