রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল চুঁচুড়ার প্রথম দায়রা আদালত ৷ এর ফলে আগামিদিনে এই মামলার পরিপেক্ষিতে তাঁকে গ্রেফতারে আর বাধা থাকছে না বলে জানান সরকারি আইনজীবী। তোলাবাজির অভিযোগে আগেই গ্রেফতার হয়েছেন চন্দননগর পুরনিগমের প্রাক্তন ডেপুটি মেয়র মুন্না আগরওয়ালা ও চিফ ইঞ্জিনিয়ার শৈবাল রায় ৷ বিধানসভা উৎসবের নামে মুন্না আগরওয়ালের সঙ্গে তোলাবাজির অভিযোগ ওঠে চন্দননগরের প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ৷মঙ্গলবার সেই মামলা চুঁচুড়া জেলা আদালতের প্রথম দায়রা আদালতে বিচারাধীন ছিল। সেখানে প্রাক্তন ডেপুটি মেয়র মুন্না জামিনের আবেদন করলেও তা না-মঞ্জুর হয় ৷ সেই সঙ্গে আগাম জামিনের আবেদন করেছিলেন ইন্দ্রনীল সেন ৷ সেই মামলার জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক। গত 4 জুলাই চন্দননগর পুরনিগমের এক ঠিকাদার প্রদীপ দে তোলাবাজির অভিযোগ তুলে থানার দ্বারস্থ হন। অভিযোগ, ভয় দেখিয়ে তাঁর থেকে টাকা আত্মসাৎ করা হয়েছে। অভিযোগে নাম রয়েছে প্রাক্তন ডেপুটি মেয়র ও চন্দননগরের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ৷ এমনকি বিধানসভা উৎসবে চাঁদা আদায় করে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে ৷ সেই মামলায় আগেই গ্রেফতার করা হয়েছে চন্দননগর কর্পোরেশনের প্রাক্তন ডেপুটি মেয়র মুন্না আগারওয়ালকে ৷ রাজ্যে পালাবদলের পরেই ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে শিল্পীদের একাংশ প্রকাশ্যে নানা বিষয়ে ক্ষোভ দেখিয়েছেন ৷ তৃণমূল সরকারের পৃষ্ঠপোষক না-হলে সরকারি অনুষ্ঠানে সুযোগ না-পাওয়ার মত নানা অভিযোগ তুলেছেন শিল্পীরা ৷ এবার তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে রাজ্যের প্রাক্তন এই মন্ত্রীর বিরুদ্ধে। এই মামলায় সরকারি তরফে সওয়াল জবাব করেন হুগলি জেলা মুখ্য সরকারি আইনজীবী শংকর গঙ্গোপাধ্যায়। তিনি এদিন বলেন, “চন্দননগর পুরনিগমের একজন ঠিকাদার প্রদীপ দের কাছ থেকে ভয় দেখিয়ে টাকা নেওয়া হয় ৷ 2010 সাল থেকে ধাপে ধাপে তার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়।” পুলিশের তদন্ত থেকে জানা গিয়েছে, প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের নির্দেশ মতো বিভিন্ন লোককে প্রচুর টাকা দিতে হয়েছিল ঠিকাদারকে ৷ বিধানসভা উৎসবে চাঁদার নামে টাকা আত্মসাৎ করা হয় ৷

