৭৩ বছর বাদে আবারও দেশের দ্বিতীয় সর্বোচ্চ পদে আসীন হলেন এক রাধাকৃষ্ণন ৷ শুক্রবার রাষ্ট্রপতি ভবনে উপ-রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণন ৷ সংসদীয় রীতি মেনে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ এর আগে 1952 সালের দেশের প্রথম উপ-রাষ্ট্রপতি হয়েছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন ৷ পরবর্তী সময়ে রাষ্ট্রপতি হিসেবেও এই বিশিষ্ট শিক্ষাবিদকে পেয়েছে দেশ ৷ সাত দশক পর পুনরাবৃত্তি হল সেই ইতিহাসের ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন ৷ শপথ নেওয়ার পর রাজঘাটে গিয়ে জাতির জনক মহত্মা গান্ধির সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন দেশের নয়া উপ-রাষ্ট্রপতি ৷ অনুষ্ঠানে সদ্য প্রাক্তন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় ও তাঁর স্ত্রীর উপস্থিতি ঘিরে তরজা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷ বাদল অধিবেশনের প্রথম দিন সংসদের অধিবেশন শেষে অসুস্থতার কথা বলে পদত্যাগ করেন ধনখড় ৷ তাঁর আচমকা পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে তুমুল জল্পনার সৃষ্টি হয় ৷

