গণেশ বিসর্জনের শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ৯ জনের । শুক্রবার রাতে কর্ণাটকের হাসান জেলার একটি গ্রামে শোভাযাত্রার মধ্যে ঢুকে পড়ে একটি ট্রাক ৷ তার জেরেই এই দুর্ঘটনা। ৯ জন নিহত হওয়ার পাশাপাশি কমপক্ষে ২০ জন গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের মধ্য়ে কয়েকজনের শারীরিক পরিস্থিতি যথেষ্ট গুরুতর ৷ এমতাবস্থায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ গণেশ চতুর্থী উদযাপনের শেষ দিনে রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ মোসালে হোসাহাল্লি গ্রামে এই ঘটনা ঘটে । আহতদের চিকিৎসার জন্য হাসানের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজনকে আরও উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে ৷ সূত্রের খবর, একটি স্থানীয় ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়ারা বিসর্জন দেখতে এসেছিলেন ৷ তাঁদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে ৷ আরও দুই পড়ুয়ার শরীরে বিভিন্ন অংশে আঘাত লেগেছে ৷ তাঁরা আপাতত হাসপাতালেই ভর্তি ৷ প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, আরাকলাগুডু থেকে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভক্তদের উপর ধাক্কা দেয়। ঘটনাটি কীভাবে ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে ৷ আহতদের থেকেও বিষয়টি জানার কাজ শুরু করেছন তদন্তকারীরা ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। এক্স হ্যান্ডেলের পোস্টে তিনি লেখেন, “হাসানে গণেশ বিসর্জনে দুর্ঘটনার খবর শুনে আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। সরকারের পক্ষ থেকে, নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। আহতদের চিকিৎসা খরচও সরকার বহন করবে। এটি অত্যন্ত বেদনাদায়ক মুহূর্ত। আসুন আমরা সকলেই এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়াই।”