banganews.net

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আন্দোলনকারী পড়ুয়াদের উপর লাঠিচার্জ করল পুলিশ ৷ সোমবার কয়েকশো পড়ুয়া মান্ডি হাউস মেট্রো স্টেশন থেকে স্লোগান দিয়ে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিবাদস্থলে যাওয়ার সময় পুলিশ মারমুখী হয়ে ওঠে বলে দাবি পড়ুয়াদের ৷ মহিলাসহ কয়েকজন গুরুতর আঘাত পেয়েছেন ৷ যদিও গ্রেফতার বা লাঠিচার্জ করা হয়নি বলে এক্স হ্যান্ডলে পোস্ট করে দাবি করেছে পুলিশ ৷ সকাল থেকে সময় যত এগিয়েছে, যন্তরমন্তর থেকে শুরু করে রাজধানী দিল্লির বেশিরভাগ অংশে নিরাপত্তা আরও কড়াকড়ি হয় ৷ নিরাপত্তার কথা মাথায় রেখে দিল্লির জনপথ, রাজীব চক, প্যাটেল চক, কেন্দ্রীয় সচিবালয় এবং সেবা তীর্থ মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে ৷ পাশাপাশি, যন্তর মন্তর পৌঁছনোর বিভিন্ন রাস্তায়

প্রচুর পুলিশ মোতায়েন করা হয় ৷ সিজেপি-র ‘এক্স’ (X) হ্যান্ডেলে শেয়ার করা ভিডিওয় দেখা যাচ্ছে, ব্যারিকেড টপকাচ্ছেন আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং, মণীশ সিসোদিয়া এবং অতিশিকে। যন্তর মন্তরে সমবেত বিক্ষোভকারীরা পার্লামেন্টের দিকে মিছিল করে যাওয়ার চেষ্টা করছিলেন, তাঁদের সঙ্গে যোগ দিতেই মণীশরা এই পদক্ষেপ নেন ৷ দিল্লি পুলিশ জানিয়েছে, ‘সংসদ চলো’ কর্মসূচিতে অংশ নিতে প্রায় 8 হাজার বিক্ষোভকারী যন্তর মন্তরে হাজির হয়েছেন ৷ ঘটনাস্থলে ব্যারিকেড দিয়ে ঘেরা যন্তর মন্তর এলাকায় বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বাইরেও কয়েকশো মানুষ জড়ো হওয়ায় নিরাপত্তা আরও বাড়ানো হচ্ছে ৷ দিল্লি পুলিশ অতিরিক্ত কর্মী মোতায়েন করার পাশাপাশি ব্যারিকেডগুলি ঝালাই করে গুরুত্বপূর্ণ প্রবেশপথে যানবাহন তল্লাশির প্রক্রিয়া জোরদার করেছে।