জল্পনা সত্যি হল। “যা রটে, তার কিছু তো ঘটে”- এই প্রবাদবাক্য সত্য হল আবারও। একইসঙ্গে এটাও প্রমাণিত যে সুপারস্টার, প্রযোজক, সাংসদ দেব অধিকারী যা বলেন, তা করেন। ৭২ ঘণ্টা সময় দিয়েছিলেন। তার মধ্যে অঘোষিত ‘ব্যান’ শিল্পীদের কাজে ফেরানোর আর্জি জানিয়েছিলেন তিনি। আর ঠিক সেটাই হল। কাজে ফিরতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য। আর ফিরেই তিনি অংশ হতে চলেছেন ‘দেশু সেভেন’-এ। শুরু থেকেই ‘দেশু সেভেন’ নিয়ে নানা চমক দিয়েই চলেছেন দেব। এবার এল সব থেকে বড় চমক। অভিনেতা, প্রযোজক এমনকি সাংসদ হিসেবেও মানুষের মন জয় করেছেন দেব। এবার পালা এক নতুন পথচলার। এবার ছবির পরিচালকের আসনে দেব। ‘দেশু সেভেন’ পরিচালনা করবেন দেব। শুক্রবার রাতে আনুষ্ঠানিকভাবে সামাজিক মাধ্যমে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে এমন ঘোষণাই করলেন তিনি। শুধু তাই নয়, এই ছবিতে থাকছেন অনির্বাণ ভট্টাচার্যও। এক নাটকীয় কায়দায় এদিন রাতে দেব ও শুভশ্রী ঘোষণা করেন যে দেব আসছেন পরিচালনায় আর সেই ছবিতে দেখা যাবে অনির্বাণকেও। ছবিতে শুভশ্রী, অনির্বাণ তো থাকছেনই। অভিনয় করার কথা আছে দেবেরও। যদিও এখনও পর্যন্ত কাকে কেমন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তা জানা যায়নি। তবে, দেবকে পরিচালকের আসনে দেখতে উদগ্রীব থাকবেন বাংলাবাসী, তা বলাই বাহুল্য। এদিন শুভশ্রীর সঙ্গে এক ভিডিয়োয় এই সুখবর ভাগ করে নেন টলি সুপারস্টার। দেবের উদ্দেশে শুভশ্রী প্রশ্ন ছুঁড়ে দেয়, ‘72 ঘণ্টা, তুমি থামবে না?’ পালটা দেব বলেন, ‘যেদিন থামব, সেদিন শেষ হয়ে যাব…।’ অনির্বাণকে সঙ্গে নিয়েই শুক্রবার এই সুখবর ভাগ করে নেন দেব-শুভশ্রী। গোড়াতেই তাঁরা আভাস দিয়েছিলেন যে, পুজোর ছবিতে অনির্বাণ ভট্টাচার্য থাকছেন। মঙ্গলবারের বৈঠকের পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মধ্যস্থতায় তাতেই সিলমোহর পড়ল। ফেডারেশনের ফতোয়া উড়িয়ে অনির্বাণকে নিয়ে সিনেমা ঘোষণা করলেন দেব। পুজোর ছবি ‘দেশু সেভেন’ দিয়েই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন টলিউড সুপারস্টার। দেবের প্রথম প্রযোজনাতেও অভিনয় করেছেন শুভশ্রী। আর তাঁর প্রথম পরিচালনাতেও। তাই বেশ উচ্ছ্বসিত তিনি, তা ভিডিয়োতেই স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন শুভশ্রী৷ একইসঙ্গে অনির্বাণ দেব আর শুভশ্রীকে দেখালেন যে তিনিও পুজোয় ‘দেশু সেভেন’ দেখার জন্য অ্যাডভান্স টিকিট কেটেছিলেন। সবমিলিয়ে মধুরেণ সমাপয়েৎ বলাই যায়।