অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি লাঘবে এবার রাশ ধরলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণের জন্য প্রত্যেকের বাড়িতে সরকারের প্রতিনিধি যাবেন, সুতরাং গুজবে কান না দেওয়ারও নিদান দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তাঁর বার্তা বুধবার থেকেই অ্য়াকাউন্টে ঢুকবে এই যোজনার তিন হাজার টাকা ৷ শনিবার সকালে বিধাননগরের হাসপাতালে জরায়ুমুখ ক্যানসারের (সার্ভাইক্যাল ক্যান্সার) টিকাকরণ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই অন্নপূর্ণার ফর্ম ঘিরে তৈরি হওয়া সংশয় দূর করার চেষ্টা করেছেন তিনি। শুভেন্দু সাফ জানিয়েছেন, এই ফর্ম সংক্রান্ত কোনও গুজবে কান দেওয়ার প্রয়োজন নেই। যোগ্য সকলেই প্রকল্পের টাকা পাবেন। এদিন সরকারের কতগুলি নতুন উন্নয়ন কর্মসূচির কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আগামী বুধবার থেকে প্রথম পর্যায়ে তিন হাজার টাকা করে ট্রান্সফার হবে ৷ কেউ বিচলিত হবেন না ৷ যারা ফর্ম ফিল-আপ করতে পারেবেন না তাদের প্রত্যেকের বাড়িতে আমাদের লোকেরা যাবে ৷ তারা আপনাদের ফর্ম ফিল-আপ করে দেবেন ৷” এরপরই মুখ্যমন্ত্রী বলেন, “অন্নপূর্ণা যোজনা নিয়ে কোনও গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না, বিচলিত হবেন না ৷ কোনও অভারতীয়ের অ্যাকাউন্টে, পুরুষদের অ্য়াকাউন্টে এই টাকা যাবে না ৷ পুরুষরা যারা পাচ্ছিলেন তাদের গ্রেফতার করা হয়েছে ৷ যারা প্রকৃত প্রাপক তাদের প্রত্যেককে চিহ্নিত করে, খুঁজে বের করে তাদের টাকা অ্য়াকাউন্ডে ট্রান্সফার করা হবে ৷” অন্যদিকে, তিনি বলেন, “আগামী সোমবার থেকে সকল সরকারি বাসে মহিলাদের ফ্রি বাস সার্ভিস চালু হবে ৷ WBSTC, NBSTC, SBSTC-তে এই সুযোগ পাবেন ৷”