প্রায় ৪০ দিন যুদ্ধ চলার পর ২ সপ্তাহের সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে ইরান-আমেরিকা। এদিকে ভেস্তে গিয়েছে ইরান-আমেরিকা শান্তি আলোচনা। ভারতীয় সময় রবিবার ভোরে এমনই ঘোষণা করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এই পরিস্থিতিতে বড় হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। জানিয়ে দিলেন, এবার হরমুজ প্রণালী (Strait Of Hormuz) দিয়ে জাহাজ ঢোকা ও বেরনো নিয়ন্ত্রণ করবে আমেরিকাই।নিজের সোশাল মিডিয়া ‘ট্রুথ সোশাল’-এ এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, তাঁরা চান সমস্ত জাহাজই ঢুকুক। এবং বেরিয়েও যাক। কিন্তু ইরান সেটাই হতে দিচ্ছে না। তাঁর দাবি, মার্কিন নৌবাহিনীকে তিনি নির্দেশ দিয়েছেন জলসীমায় প্রতিটি জাহাজকে খুঁজে বের করতে, যারা ইরানকে শুল্ক দিয়ে সেখানে প্রবেশ করেছে। যারাই বেআইনি শুল্ক দিয়েছে গভীর সমুদ্রে তাদের নিরাপদে যাতায়াতের সুযোগ দিতে নারাজ ওয়াশিংটন।

