ভোটের আগে বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব ঘিরে নতুন করে উত্তপ্ত বরানগর। একদিকে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে প্রার্থী সজল ঘোষের থানা ঘেরাও, অন্যদিকে বিজেপিরই ‘কার্যকর্তা’কে রক্তাক্ত করার অভিযোগ উঠল তাঁরই ঘনিষ্ঠদের বিরুদ্ধে। অভিযোগ, বরানগর এলাকার ‘আদি’ বিজেপি কর্মী রাজীব মিশ্রকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন ‘নব্য’ বিজেপি কর্মীরা! সোমবার রাত থেকে ধারাবাহিক এসব অশান্তির ঘটনায় শোরগোল পড়েছে বরানগর এলাকায়। বিজেপির দলীয় কোন্দল নিয়ে পালটা কটাক্ষ করেছে তৃণমূল। সূত্রের খবর, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগে সোমবার রাতে বরানগর থানা ঘেরাও করেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। তিনি অভিযোগ করেন তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। থানার সামনে দাঁড়িয়ে সরব হন বিজেপি প্রার্থী। অভিযোগ, ঠিক এই আবহেই বরানগরের গোপাল লাল ঠাকুর রোডে সজল ঘোষের কার্যালয়ের সামনেই আক্রান্ত হন রাজীব মিশ্র। বরানগর এলাকার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজীব বিজেপির পুরনো কার্যকর্তা বলে পরিচিত। এদিন প্রকাশ্যে রাস্তায় তাড়া করে তাঁকে মেরে রক্তাক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত তাঁরই দলের নতুন কর্মীরা।