দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের কিছু বুথে ইভিএমে বিজেপির বোতামে সেলোটেপ লাগিয়ে ভোট কারচুপি করা হচ্ছে ৷ এমনই গুরুতর অভিযোগ করলেন ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা ৷ তাঁর দাবি, যাতে ভোটাররা বিজেপির প্রতীকে ভোট দিতে না-পারেন তাই এটা করা হয়েছে । ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে ৷ এই ঘটনায় 177 নম্বর বুথের রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন ৷ অভিযোগের সত্যতা প্রমাণিত হলে পুনর্নির্বাচনের সম্ভাবনা ৷ বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা বলেন, “ফলতা বিধানসভা কেন্দ্রে আমি বুথ পরিদর্শনে গেলে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা আমার পথ আটকে দেন এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করেন । শুধু তাই নয়, 189 ও 190 নম্বর বুথে ইভিএমে সেলোটেপ লাগিয়ে দিয়েছে ৷ কিছু বুথে আমাকে ইভিএম দেখতে দেওয়া হচ্ছে না ৷ সেক্টর অফিসার ঘর বন্ধ করে দিয়েছে ৷ সিসিটিভি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে ৷”