জমি কেলেঙ্কারি, তোলাবাজির অভিযোগে এবার গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন জেলা সভাপতি সুজয় হাজরা ৷ পুলিশ সূত্রে খবর, এতদিন তিনি গা-ঢাকা দিয়ে ছিলেন । শনিবার রাতে খড়গপুর স্টেশন থেকে গ্রেফতার করা হয় তাঁকে ৷ গ্রেফতারের পর তাঁকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় শালবনি থানায় । এই বিষয়ে জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা বলেন, “সুজয় হাজরার গতিবিধির উপর নজর রাখছিল পুলিশ । এই তৃণমূল নেতা এতদিন গা-ঢাকা দিয়েছিলেন । তাঁর বিরুদ্ধে জমি মাফিয়া, তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে । সেই অভিযোগের ভিত্তিতে তদন্তের জন্য শালবনি থানায় ডেকে পাঠানো হয়েছিল অভিযুক্তকে । খড়গপুর স্টেশন থেকে গ্রেফতার করা হয় । তদন্ত চলছে । এখনই এর চেয়ে বেশি কিছু বলা যাবে না ।” এই বিষয়ে মেদিনীপুরের বর্তমান বিজেপি বিধায়ক শঙ্কর কুমার গুছাইত বলেন, “আইন তার মতো করে চলবে । কারণ মেদিনীপুরের মানুষ জানেন, আগে সুজয় হাজরা কী ছিলেন এখন তাঁর অবস্থা কী ! তাই প্রতিটা জায়গা থেকে পুলিশের কাছে অভিযোগ আসছিল, সেই অনুযায়ী কাজ হয়েছে ৷ আমার একটাই দাবি, বঞ্চিত হওয়া মানুষগুলি যেন বিচার পান, আইন যেন আইনের পথে চলে ।” উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুর জেলায় সুজয় হাজরা পরিচিত নাম। গত বুধবার তৃণমূল থেকে জেলা সংগঠন ভেঙে দেওয়ার আগে পর্যন্ত তিনি ওই দলের জেলা সভাপতি ছিলেন। সদ্য সমাপ্ত রাজ্য বিধানসভা নির্বাচনে মেদিনীপুর আসন থেকে তৃণমূলের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন সুজয় হাজরা ৷ কিন্তু বিজেপির শঙ্কর কুমার গুছাইতের কাছে তিনি পরাজিত হন ৷

