তোলাবাজি ও একাধিক দুর্নীতির অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ৷ কলকাতা পুরনিগমের 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে শনিবার রাতে গ্রেফতার করে পুলিশ। তার কয়েক ঘণ্টা আগেই একই ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি সৌরভ ঘোষ তোলাবাজির অভিযোগে পুলিশের জালে ধরা পড়েন। তদন্তকারীদের দাবি, সৌরভকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্যের সূত্র ধরেই কলকাতা পুরনিগমের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই কাউন্সিলরের বিরুদ্ধে এলাকায় তোলাবাজি, সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি, ভোট-পরবর্তী হিংসা এবং বিভিন্ন বেআইনি কার্যকলাপের অভিযোগ জমা পড়ছিল ৷ তবে সাম্প্রতিক তদন্তে নতুন কিছু তথ্য সামনে আসতেই পুলিশ সক্রিয় হয়। শনিবার বিকেলে সৌরভ ঘোষকে গ্রেফতারের পর তাঁকে জেরা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র হাতে আসে তদন্তকারীদের ৷ এরপরই কাউন্সিলরকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয় ৷ কাউন্সিলরকে থানায় নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দাদের একাংশ থানার সামনে জড়ো হন ৷ বাপ্পাদিত্য দাশগুপ্তকে পুলিশি হেফাজতে দেখে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা ৷ থানার বাইরে শুরু হয় বিক্ষোভ ৷ উপস্থিত বহু মানুষ ‘বাপ্পা চোর’, ‘দুর্নীতিবাজের শাস্তি চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন ৷ পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় ৷ পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরো এই তোলাবাজির চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে । বাপ্পাদিত্য দাশগুপ্তকে রবিবার আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে চাইবে । পুলিশ তদন্তে নেমে আর্থিক লেনদেনের নথি, ফোনের তথ্য এবং অন্যান্য ডিজিটাল প্রমাণও খতিয়ে দেখছেন।

