ভারী বৃষ্টির জেরে ভয়াবহ হড়পা বান জম্মু ও কাশ্মীরের ডোডা এবং কিশতওয়ার জেলায় ৷ এর ফলে ডোডা-কিশতওয়ার হাইওয়ের একটি বড় অংশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ৷ সোমবার সকাল থেকেই যান চলাচল সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে এলাকাজুড়ে। ধসের জেরে কাদামাটি ও পাথরের নীচে চাপা পড়ে গিয়েছে বেশকিছু ট্রাক ৷ ডোডা জেলার প্রেমনগরের কাছে বন্যা ও ধসের কারণে রাস্তায় চলাচল অযোগ্য হয়ে পড়ে ৷ 244 নম্বর জাতীয় সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে মহাসড়কের দু’দিকেই সারিবদ্ধভাবে বহু যানবাহন আটকে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ইতিমধ্যেই রাস্তা পুনরুদ্ধার এবং ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেছে প্রশাসন। এএনআই (ANI)-কে এনএইচআইডিসিএল (NHIDCL)-এর হাইওয়ে ম্যানেজার সানি পাধা জানান, প্রেমনগরের পরিস্থিতিকে অত্যন্ত ভয়াবহ ৷ রাস্তা পরিষ্কার করার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ তবে স্বস্তির বিষয় এই যে, এই প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রশাসন জানিয়েছে, তারা আবহাওয়ার পূর্বাভাস ও নদীর প্রবাহের উপর সর্বক্ষণ নজর রাখছে ৷ যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সব বিভাগকে সতর্ক রাখা হয়েছে।