ইন্দো-চিন দ্বন্দ্বের আবহে ত্রিপাক্ষিক বৈঠকে মধ্যস্থতার ভূমিকা পালনে ব্যর্থ হল রাশিয়া। সীমান্ত সমস্যায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না ভারত ও চিন! বৈঠক শেষে এমনটাই জানালেন রাশিয়ার বিদেশমন্ত্রী। ইন্দো-চিন সীমান্ত সংঘাতে রাশিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, এমনটাই আশা ছিল কূটনীতিবিদদের। সেই আশায় জল ঢেলে সীমান্ত সমস্যায় মধ্যস্থতার ভূমিকা ছেড়ে বেরিয়ে গেল রাশিয়া। পূর্ব লাদাখ সীমান্তে পুরোদস্তুর শান্তি ফেরাতে মঙ্গলবার ভারচুয়াল ত্রিপাক্ষিক বৈঠকে বসেছিলেন রাশিয়া-ইন্দো-চিনের বিদেশমন্ত্রীরা। তবে সেই বৈঠক যে ফলপ্রসূ হয়নি তা স্পষ্ট হয়েছে রাশিয়ার বিদেশমন্ত্রী সারজেই ল্যাভরভের বক্তব্যে। তাঁর কথায়, ‘আমার ধারণা সীমান্ত সংক্রান্ত বিষয়ে ভারত-চিন তৃতীয় পক্ষের কারোর সাহায্যে চায় না। আমার মতে এই বিষয়ে তাদের সাহায্যে করারও প্রয়োজন নেই। তবে নয়া দিল্লি-বেজিং এই উত্তপ্ত পরিস্থিতি শান্তির সঙ্গে সমাধান করবে বলেই জানিয়েছে। দুই দেশের বিদেশমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীরা এই মর্মে বার বার বৈঠক করছেন। তাঁরা কেউই চাননা যে ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠুক।’

