আজ থেকেই রাজ্যে নতুন বিজেপি সরকারের নেতৃত্বে কেন্দ্রীয় প্রকল্প ‘অন্নপূর্ণ যোজনা’র কাজ শুরু হচ্ছে। এদিন বিকেলে নবান্ন থেকে ফর্ম ফিলআপ শুরু হবে। অনলাইন, অফলাইন – দু’ভাবেই মাসে ৩ হাজার টাকা করে পাওয়ার জন্য অন্নপূর্ণ যোজনায় আবেদন করতে পারবেন মহিলারা। তারপর সংশ্লিষ্ট দপ্তর তথ্য যাচাই করে দেখবে, কারা এই সুবিধা পাওয়ার যোগ্য, কারা নন। আর এখানেই নিখুঁত হিসেব করাটা মাথাব্যথা সরকারের। তবে যোগ্য-অযোগ্য বাছতে সরকারের হাতিয়ার এসআইআরে নাম বাদের তালিকা। সেই তালিকা দেখে প্রাথমিকভাবে ‘অন্নপূর্ণা’র সুবিধা পাওয়া মহিলাদের নাম বাদ দেওয়া হচ্ছে। এসআইআরের যাঁদের নাম ওঠেনি, তাঁরা গোড়াতেই বাদ। প্রশাসন সূত্রে খবর, এই সংখ্যা কমবেশি সাড়ে ৫ লক্ষ। যার কারণে প্রায় ১৬৫ কোটি টাকা সাশ্রয় হতে চলেছে। কেন্দ্রের ‘অন্নপূর্ণ যোজনা’র সুবিধা পাওয়ার ন্যূনতম যোগ্যতামান স্থির করা হয়েছে। সকলেই এর সুবিধা পাবেন না। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর মহিলাদের মনে তা নিয়ে আশঙ্কা ছিল, তবে কি আর মাসে মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের দেড় হাজার টাকা করে পাবেন না? তা নিয়ে শুভেন্দু অধিকারীর সরকার মঙ্গলবার স্পষ্ট করে দিয়েছেন, যতদিন ‘অন্নপূর্ণ যোজনা’ চালু না হচ্ছে, ততদিন ‘লক্ষ্মীর ভাণ্ডার’ যাঁরা পেতেন, তাঁরা পাবেন। পরে ঝাড়াই-বাছাইয়ের মধ্যে দিয়ে যোগ্যদের দেওয়া হবে মাসে ৩ হাজার টাকা করে। মঙ্গলবার এই ঘোষণার পরপর বুধবার থেকেই নবান্ন থেকে নতুন প্রকল্পের ফর্ম বিলি চালু হবে। একইসঙ্গে শুরু হচ্ছে যোগ্য বাছাইয়ের কাজও।

