পুরীতে হোটেলের ঘর থেকে উদ্ধার হল এক যুগলের ঝুলন্ত দেহ ৷ তাঁরা দু’জনেই বাঙালি ৷ নাম কুমারেশ ঘোষ ও মিতালি ঘোষ। পুরীর পেন্থাকাটা চক্রের কাছের একটি হোটেল থেকে সমুদ্র তীরবর্তী পুলিশ ওই দুই বাঙালির দেহ উদ্ধার করেছে ৷ মৃত্যুর কারণ তদন্ত করছে পুলিশ। গত 9 তারিখে, তাঁরা দু’জনেই পুরীতে এসে পেন্থাকাটা চক্রের একটি হোটেলে উঠেছিলেন ৷ গত 5 দিন ধরে তাঁরা সেখানেই ছিলেন ৷ গতকাল অর্থাৎ 14 অগস্ট তাঁদের দেহ উদ্ধার হয় ৷ পুরীর এসপি পিনাক মিশ্রা বলেন, “হোটেলের কর্মীরা চক্রতীরাহ রোড এলাকায় অবস্থিত তাঁদের হোটেলরুমে থাকা কুমারেশ ও মিতালির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন ৷ কারণ তাঁদের ঘর থেকে বেশ অনেকক্ষণ ধরেই কোনও সাড়া-শব্দ মিলছিন না ৷” তিনি আরও বলেন, “এরপরই হোটেল ম্যানেজার পুরীর সমুদ্র তীরবর্তী পুলিশ থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোটেল রুমের দরজা ভাঙতেই চোখ কপালে ওঠে ৷ পুলিশ দেখে, ঘরের ভিতরে এক বছর 25-এর তরণী ও 35 বছরের এক ব্যক্তির দেহ ঝুলছে ৷ এসপি পিনাক মিশ্রার কথায়, “আমরা মৃতদেহগুলি উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে প্রমাণ সংগ্রহ করেছে। ওই দু’জন এখানকার নন ৷ পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা ৷ ওই এলাকার স্থানীয় থানায় যোগাযোগ করা হয়েছে। মৃতদেহের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। হোটেল থেকে পাওয়া তথ্য অনুসারে, তাঁরা 9 তারিখ পুরীর এই হোটেলে উঠেছিলেন ৷ গতকাল পর্যন্ত তাঁরা এখানেই ছিলেন ৷ প্রাথমিক তদন্তের পর অনুমান করা হচ্ছে, কুমারেশ ও মিতালি নিজেরায় নিজেদের জীবন শেষ করেছেন ৷”

