স্বাধীনতা দিবসে মর্মান্তিক দুর্ঘটনা ৷ দিল্লির নিজামুদ্দিন এলাকায় হুমায়নের সমাধিক্ষেত্রের কাছে থাকা একটি দরগার দেওয়ালের খানকটা অংশ ভেঙে পড়ে কমপক্ষে ৬ জনের প্রাণ গেল ৷ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন ৷ তাঁদের মধ্যে কয়েকজনের চিকিৎসা চলছে দিল্লির এইমস হাসপাতালে ৷ পাশাপাশি এলএনজেপি হাসপতালেও একজনের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ৷ শুক্রবার বিকেল চারটে নাগাদ এই ঘটনাটি ঘটেছে বলে দমকল সূত্রে জানা গিয়েছে ৷ এখনও বেশ কয়েকজন আটকে আছেন বলে খবর ৷ তাঁদের দ্রুত সেখান থেকে বের করে আনতে কাজ শুরু করেছে প্রশাসন ৷ পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দিল্লি পুলিশের যুগ্ম নগরপাল সঞ্জয় কুমার ৷ তিনি জানিয়েছেন আপাতত দুর্ঘটনাস্থলটি ঘিরে রাখা হয়েছে ৷ শুক্রবারের নমাজে অংশ নিতে অনেকে সেখানে পৌঁছেছিলেন ৷ ঘটনার সময় বৃষ্টির হাত থেকে বাঁচতে বেশ কয়েকজন দরগার পাশে বসেছিলেন ৷ ঠিক সেই সময় এই দেওয়ালটি ভেঙে পড়ে বলে জানা গিয়েছে ৷ উদ্ধারের কাজ শুরু করেছে একাধিক সংস্থা ৷ দিল্লির দমকল বাহিনীর পাশাপাশি এনডিআরএফ এবং দিল্লির বিপর্যয় মোকাবিলা দফতরও উদ্ধারের কাজ শুরু করেছে ৷ দিল্লি পুলিশের এক আধিকারিকের সঙ্গে কথা বলেছে সংবাদসংস্থা পিটিআই ৷ তিনি জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্য়ে স্থানীয় থানার পুলিশ আধিতকারিকরা ঘটনাস্থলে পৌঁছে যান ৷ পরে এনডিআরএফ থেকে শুরু করে অন্য দলগুলি উদ্ধারের কাজ শুরু করে ৷ দিল্লি বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকরাও ঘটনাস্থলের পরিস্থিতি খতিয়ে দেখছেন ৷

