করোনা আক্রান্ত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী । তবে তার মাঝেও তাঁকে শুভেচ্ছাবার্তা দিয়েও কটাক্ষ করলেন সিপিএম বিধায়ক। টুইটারে তিনি লিখলেন,’প্রসাদ, গোমূত্র বা ভাবিজি পাঁপড়ে ভরসা না রেখে সাংসদ দিলীপ ঘোষ আধুনিক চিকিত্সা বিজ্ঞানের শরণাপন্ন হয়েছেন। ওনার সিদ্ধান্তকে স্বাগত। বিজ্ঞানসম্মত চিকিত্সায় দ্রুত সেরে উঠুন দিলীপবাবু।’ বিজেপি নেতা মন্ত্রীরা কেউ পরামর্শ দিয়েছেন নিয়মিত গোমূত্র পান করলে করোনা ধারেকাছে ঘেঁষবে না। কেউ বা বলেছেন কাদায় বসে শঙ্খ বাজালে দূরে চলে যাবে মারণ ভাইরাস। কেউ আবার দাওয়াই হিসেবে তুলে ধরেছিলেন ‘ভাবিজি পাঁপড়ে’র কথা। ঘটনাচক্রে এহেন অবৈজ্ঞানিক পরামর্শ দেওয়া অধিকাংশ বিজেপি নেতা পরবর্তী সময়ে নিজেরাই করোনায় আক্রান্ত হয়েছেন এবং আধুনিক চিকিত্সা পদ্ধতিতেই সুস্থ হয়ে উঠেছেন। এসব প্রসঙ্গ টেনেই দিলীপ ঘোষকে এভাবে বিঁধলেন বাম বিধায়ক।

