উত্তরবঙ্গের আকাশে দুর্যোগ দুর্ভোগ অব্যাহত । অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ আগামী 24 ঘণ্টায় বৃষ্টির দাপট আরও বাড়বে । আবহাওয়া অফিসের পূর্বাভাস জানিয়েছে, আরও বৃষ্টি হবে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় । বাদ যাবে না বাকি তিন জেলাও । বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ এবং অনুকূল বায়ুপ্রবাহের কারণেই আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ 20 সেন্টিমিটারের বেশিও হতে পারে ।গত 24 ঘণ্টায় উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টি হয়েছে । সর্বাধিক 21 সেন্টিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে আলিপুরদুয়ারের সঙ্কোশ চা বাগানে । এছাড়া জলপাইগুড়ির সুংগাচি চা বাগানে বৃষ্টির পরিমাণ 19 সেন্টিমিটার, আলিপুরদুয়ারের ডালগাঁও চা বাগানে বৃষ্টি হয়েছে 18 সেন্টিমিটার এবং কোচবিহারের ঘুঘুমারিতে 17 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে । এর ফলে নিচু এলাকা ও নদী সংলগ্ন অঞ্চলে জল জমার আশঙ্কা বাড়ছে ।

উত্তরবঙ্গে দুর্যোগ আপাতত চলবে

আজ 30 জুন মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস । পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ।

1 জুলাই বুধবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা অব্যাহত থাকবে ।

2 ও 3 জুলাই অর্থাৎ, বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে ।

4 ও 5 জুলাই অর্থাৎ, শনি ও রবিবার উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

দক্ষিণবঙ্গে আবহাওয়া যেমন থাকবে

আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে । 1 জুলাই বুধবার পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

4 জুলাই শনিবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে ।

5 জুলাই রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং দক্ষিণ 24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে । ওই দিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা ও ঝাড়গ্রামেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।