চলতি মাসের বাকি কয়দিন বৃষ্টির দাপট বাড়বে । বেলা গড়িয়ে দুপুর হলেই আকাশ কালো করে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হচ্ছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলায় । দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ঝড়বৃষ্টির দাপট যথেষ্ট । কোথাও কোথাও সতর্কতা জারি করছে আলিপুর আবহাওয়া অফিস ।
উত্তরবঙ্গ
আজ থেকেই উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে । জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে । দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । পাশাপাশি বজ্রবিদ্যুতের সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে । আগামিকাল, ২৭ জুন শুক্রবার থেকে ২৯ জুন সোমবারের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে । কোথাও কোথাও ২০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । বিশেষ করে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা সবচেয়ে বেশি । ২৮ ও ২৯ জুন অর্থাৎ, রবি ও সোমবার উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে । পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নদী সংলগ্ন এলাকায় জলস্তর বৃদ্ধির আশঙ্কা থাকায় সতর্কতা জারি করা হয়েছে । ৩০ জুন মঙ্গলবার ও 1 জুলাই বুধবারও বৃষ্টির দাপট বজায় থাকবে উত্তরবঙ্গে । তারপর ধীরে ধীরে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস ।
দক্ষিণবঙ্গ
অন্যদিকে, দক্ষিণবঙ্গে আগামী দু-তিন দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আজ বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে পারে। কলকাতা-সহ সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। বিকেল বা সন্ধ্যার দিকে একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকতে পারে। ২৬ থেকে ২৮ জুন অর্থাৎ আজ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মূলত কয়েকটি জেলায় হালকা থেকে ভারী বৃষ্টি হবে । তবে ২৯ জুন সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে । ৩০ জুন মঙ্গলবার ও ১ জুলাই বুধবার দক্ষিণবঙ্গের সব জেলার বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি এবং ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে ।

