‘মিঁয়া মুসলিম’ সংক্রান্ত বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তাঁকে নোটিস পাঠাল দিল্লির অতিরিক্ত সেশন আদালত। অতিরিক্ত সেশন জজ সোনু অগ্নিহোত্রী মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আগামী ১৫ জুলাই। সমাজকর্মী হর্ষ মন্দারের অভিযোগ, চলতি বছরের ২৭ জানুয়ারি অসমের তিনসুকিয়া জেলার ডিগবয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) চালু হলে ‘৪-৫ লক্ষ মিঁয়া ভোটারের’ নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। অভিযোগে আরও দাবি করা হয়েছে, হিমন্ত মন্তব্য করেন- ‘ওরা সমস্যায় পড়লে তবেই অসম ছাড়বে’ এবং ‘ওরা যাতে ভোট দিতে না পারে, সেটা আমরা নিশ্চিত করছি।’ এই মন্তব্যকে বিদ্বেষমূলক এবং একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে প্ররোচনামূলক বলে অভিযোগ করেন হর্ষ মন্দার। সেই ভিত্তিতে দিল্লিতে এফআইআর দায়েরের আবেদন জানানো হয়েছিল। তবে গত ২০ এপ্রিল দিল্লির এক ম্যাজিস্ট্রেট আদালত জানায়, ঘটনাটি অসমে ঘটেছে বলে দিল্লি আদালতের ভৌগোলিক এক্তিয়ার নেই। সেই কারণে হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিতে অস্বীকার করে আদালত। এরপর ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দায়রা আদালতের দ্বারস্থ হন হর্ষ মন্দার। তাঁর আইনজীবী আদালতে স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা জিরো এফআইআর এবং ই-এফআইআর সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তুলে ধরেন। আইনজীবীর দাবি, অপরাধের ঘটনা অন্য রাজ্যে ঘটলেও জিরো এফআইআরের নিয়ম অনুযায়ী দিল্লিতেও অভিযোগ দায়ের করা সম্ভব। সেই যুক্তি গ্রহণ করেই অতিরিক্ত সেশন আদালত হিমন্ত বিশ্বশর্মাকে নোটিস জারি করেছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। আগামী ১৫ জুলাই মামলার পরবর্তী শুনানিতে এই বিষয়ে বিস্তারিত শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে।