দেশের উত্তর-পূর্বের রাজ্য অসমে একটানা তৃতীয় বার সরকার গড়তে চলেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ৷ দ্বিতীয় বার মুখ্যমন্ত্রী হচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা ৷ মঙ্গলবার ১২ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে শপথ নেবে এনডিএ মন্ত্রিসভা ৷ গতকালই অসমে পৌঁছন বিজেপির অসমের পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ৷ রবিবার সকালে তিনি বলেন, “সব বিধায়করাই সর্বসম্মতিক্রমে হিমন্ত বিশ্ব শর্মাকে এনডিএ’র পরিষদীয় নেতা হিসাবে বেছে নিয়েছেন ৷ 102 জন বিধায়কের সমর্থন নিয়ে আমরা রাজ্যপালের কাছে সরকারের গঠনেরর দাবি জানিয়েছি ৷ আমরা আশা করি, খুব শীঘ্রই রাজ্যপাল হিমন্ত বিশ্ব শর্মাকে সরকার গঠনের জন্য ডাকবেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি নিতিন নবীন এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা এই শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ৷” এনডিএ’র পরিষদীয় নেতা তথা হবু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “12 মে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এনডিএ’র মন্ত্রিপরিষদ শপথ নেবে ৷ আমি অসমের মানুষকে অনুরোধ করব, একটা ভালো ভবিষ্যৎ গড়ার জন্য আপনারা আমাদের আশীর্বাদ করুন ৷ অসমকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশের মধ্যে সবচেয়ে উন্নত রাজ্য হিসাবে গড়ে তোলা আমাদের লক্ষ্য ৷ অসমের বিজেপি সভাপতি দিলীপ সাইকিয়াকে কৃতজ্ঞতা জানাই ৷” গত 9 এপ্রিল অসমে 126টি আসনে বিধানসভা ভোট হয় ৷ 4 মে ফলাফল ঘোষণা হলে জানা যায়, বিজেপি জয়ী হয়েছে 82টি আসনে ৷ এনডিএ জোটের অন্যান্য শরিক দল এজিপি এবং বিওপিএফ প্রত্যেকে 10টি আসন দখল করতে সমর্থ হয় ৷ সব মিলিয়ে এনডিএ জোট পায় 102টি আসন ৷ অন্যদিকে কংগ্রেস পেয়েছে মাত্র 19টি আসন, এআইইউডিএফ 2টি, আরজেআরডি 2টি এবং তৃণমূল কংগ্রেস একটি আসনে জয়ী হয় ৷ এবার অসমে সরকার গঠনের পালা ৷ এর আগে প্রথমবাররের মতো বাংলায় সরকার গঠন করেছে বিজেপি ৷ শনিবার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড ময়দানে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শুভেন্দু অধিকারী ৷ তাঁর সঙ্গে শপথ নেন আরও 5 মন্ত্রী ৷ সেখানে বিজেপির তাবড় নেতাদের সঙ্গে হাজির ছিলেন হিমন্তও ৷

রবিবার যখন অসমে পরিষদীয় দলের নেতা নির্বাচনের প্রক্রিয়া শেষ হল তখন দীর্ঘ টালবাহানা শেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন টিভিকে প্রধান অভিনেতা বিজয় ৷ এবার এপ্রিল মাসে চারটি রাজ্য়ের পাশাপাশি একটি কেন্দ্র শাসিত অঞ্চল পুদুচেরিতেও ভোট হয়েছে ৷ এর মধ্যে বাংলা আর তামিলনাড়ুকে নতুন সরকারের শপথ হয়ে গেল ৷ অসমে সরকার গঠনের প্রস্তুতি শেষ ৷ পুদুচেরিতে বিদায়ী মুখ্যমন্ত্রী রঙ্গাস্বামীকেই সরকার গঠন করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি ৷ তবে কেরল নিয়ে তৈরি হওয়া সংশয়ের অবসান এখনও হয়নি ৷ ভগবানের আপন দেশে বামজোটকে হারিয়ে বড় জয় পেয়েছে কংগ্রেস জোট ৷ মুখ্যমন্ত্রী কে হবেন তা এখনও পর্যন্ত ঠিক করতে পারেনি হাত শিবির ৷ এমনই আবহে মঙ্গলবার আরও একবার অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন হিমন্ত বিশ্বশর্মা ৷