মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী ৷ আর তার ঠিক পর শনিবারই ময়দানে পিডব্লিউডি টেন্টে পুলিশ ও প্রশাসনের সঙ্গে প্রাথমিক বৈঠক সারেন তিনি । আগামিকাল, অর্থাৎ সোমবার বিকেল 5টার সময় নবান্নে আবারও পুলিশ ও প্রশাসনের সঙ্গে জরুরি বৈঠকে বসতে চলেছেন নয়া মুখ্যমন্ত্রী । সোমবার বিকেল 5টায় নবান্ন সভাঘরে হবে এই গুরুত্বপূর্ণ বৈঠক । সূত্রের খবর, রাজ্যের নিরাপত্তা ব্যবস্থার ব্যাপক পরিবর্তনের জন্য একগুচ্ছ রোডম্যাপ উঠে আসতে পারে এই বৈঠকে । রাজ্য পুলিশের প্রায় সমস্ত শীর্ষস্তরের কর্তাকে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে । সূত্রের খবর, এই বৈঠকে যোগ দেবেন সব জেলার পুলিশ সুপার, বিভিন্ন পুলিশ কমিশনারেটের কমিশনার, রেল পুলিশের শীর্ষ আধিকারিকরা এবং ডিআইজি, আইজি ও এডিজি পদমর্যাদার কর্মকর্তারা । সূত্রের খবর, রাজ্যের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি জেলা ও কমিশনারেটের কর্তাদের সঙ্গে কথা বলতে পারেন । ভোট-পরবর্তী হিংসা, আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ – এই বিষয়গুলি নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে ।

অন্যদিকে, নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হওয়ার পরেই রাজ্যের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করা হয়েছে । মুখ্যমন্ত্রীর দফতরে একাধিক ডব্লিউবিসিএস ও এক্সিকিউটিভ আধিকারিককে অবিলম্বে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার । শুক্রবার পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের বিজ্ঞপ্তিতে এই নির্দেশ জারি হয়েছে । বিশেষ সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সিনিয়র ডেপুটি সেক্রেটারি এবং ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার মোট 16 জন আধিকারিককে মুখ্যমন্ত্রীর দফতরে পোস্টিং দেওয়া হয়েছে । তাঁদের মধ্যে রয়েছেন শঙ্খ সাঁতরা, নীতেশ ঢালি, সুদত্তা চৌধুরী, সৌভিক পাত্র, সুমন পাল, দেবযানী ওঝা-সহ আরও বেশ কয়েকজন আধিকারিক । বিভিন্ন দফতরে প্রাক্তন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের ব্যক্তিগত সচিব এবং ওএসডি পদে থাকা 46 জন ডব্লিউবিসিএস আধিকারিককেও অবিলম্বে পিঅ্যান্ডএআর দফতরে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার । শুক্রবার নবান্ন থেকে জারি হওয়া বিজ্ঞপ্তিতে এই নির্দেশের কথা জানানো হয়েছে ।

কৃষি বিপণন, খাদ্য ও সরবরাহ, পরিবহণ, পঞ্চায়েত, স্বাস্থ্য, শিক্ষা-সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরে কর্মরত আধিকারিকদের এই বদলির নির্দেশ দেওয়া হয়েছে । তালিকায় রয়েছেন পুলক সরকার, জয়ন্তকুমার মল্লিক, শক্তি বেরা, তাপসকুমার কুণ্ডু, বিমলেন্দু দাস, সৌমাল্য ঘোষ-সহ আরও অনেকে । কাজেই সোমবারের বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে ৷ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই বৈঠকে ৷