বুধবার সামান্য উঠেছিল বাজার। নিফটি ৫০ সূচক বাজার শেষে উঠেছিল মাত্র ০.১৪%। ব্যাঙ্ক নিফটিও দিনের শেষে ০.১৩% উঠে থেমেছিল। ধাক্কা খেয়েছিল আইটি ও অটো সেক্টর। বুধবার দিনভর ট্রেডিংয়ের পরে লাভের মুখ দেখেছিল শুধু এফএমসিজি। বৃহস্পতিবার, লক্ষ্মীবারে বিশাল পতন শেয়ার বাজারে। শেয়ার বাজারে রক্তক্ষরণের দরুন এদিন বাজার খোলার ১৫ মিনিটের মিনিটের মধ্যে বিনিয়োগকারীদের ৫ লক্ষ কোটি টাকা নিমেষে উধাও হয়ে গিয়েছে। এদিন বাজার শুরুই হয় লাল সঙ্কেতে। এবং খোলার সঙ্গে সঙ্গে হু-হু ধস নামতে থাকে। মাত্র ১৫ মিনিটে বিনিয়োগকারীদের ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৫ লক্ষ কোটিতে। বিশেষজ্ঞদের ধারণা, মার্কিন শুল্কনীতির চাপেই একদিনে এই বিশাল পতনের সম্মুখীন হল ভারতীয় অর্থনীতি। ট্রাম্প ভারতের উপর ২৫% শুল্ক ঘোষণা করতেই ধাক্কা লেগেছে শেয়ার বাজারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক এবং অতিরিক্ত জরিমানা চাপানোর কথা ঘোষণা করেছেন। যা চালু হওয়ার কথা আগামীকাল, শুক্রবার, ১ অগস্ট থেকে। যার প্রত্যক্ষ প্রভাব এদিন ভারতীয় শেয়ার বাজারে প্রকট হল। ২০০ পয়েন্টেরও বেশি পতনে নিফটি খুলেছে। যেখানে সেনসেক্স ৭৫০ পয়েন্টেরও বেশি পড়েছে। নিফটি ব্যাঙ্ক প্রায় ৩০০ পয়েন্ট, নিফটি আইটি ২১৫ পয়েন্ট এবং এফএমসিজি ৩০০ পয়েন্টেরও বেশি পড়েছে।

