আচমকাই অসুস্থ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। চিকি‍ৎসকদের পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ বছর বয়সী রাজনেতা। শনিবার হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর শারীরিক অবস্থা স্থিতিশীল। উদ্বেগের কোনও কারণ নেই। ক্ষমতা হস্তান্তরের সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন শাসকদল লিকুদ পার্টির শীর্ষ নেতারা। গত বছরের অক্টোবরেও একবার অসুস্থ হয়ে পড়েছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। সেবারও তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। স্থানীয় সংবাদমাধ্যম ‘চ্যানেল-১২’ জানিয়েছেন, গত কয়েকদিন ধরে দেশজুড়ে চলা তাপপ্রবাহ থেকে রেহাই পেতে ক্যায়সেরিয়ায় নিজের ব্যক্তিগত বাসভবনে ঘাঁটি গেড়েছিলেন নেতানিয়াহু। কিন্তু আচমকাই অসুস্থ হয়ে পড়েন। চিকি‍ৎসকরা পরামর্শ দেওয়ার পরে তেল হাশমোর শহরের সেবা হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালটির চিকি‍ৎসকরা জানিয়েছেন, গাড়ি থেকে নেমে হেঁটেই জরুরি পরিষেবা বিভাগে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী। তাছাড়া তাঁর জ্ঞানও ছিল।