কলকাতা জেলা

দ্বিতীয় তালিকায় ৩২ প্রার্থীর নাম ঘোষণা বামেদের

 জটিলতা কেটেও কাটছে না বামফ্রন্টের । শরিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব প্রতি নির্বাচনের আগে স্বাভাবিক চিত্র হয়ে দাঁড়িয়েছে । বৃহস্পতিবারও সেই ছবিটাই প্রকট হয়ে উঠল ৷ কারণ বামফ্রন্টের সাংবাদিক বৈঠকে এদিন ফরওয়ার্ড ব্লকের তরফে কোনও প্রতিনিধি ছিলেন না । এসবের মধ্যেও বামফ্রন্টের তরফে 32টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে । যার মধ্যে অধিকাংশই সিপিএম প্রার্থীর নাম । কালচিনিতে আরএসপি এবং নন্দীগ্রাম, গোপীবল্লভপুর ও আসানসোল উত্তর বিধানসভায় শরিক সিপিআইয়ের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে । তাৎপর্যপূর্ণভাবে সিপিএম প্রার্থীদের মধ্যে কয়েকটি নতুন নাম রয়েছে । বালিগঞ্জে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক আফরিন বেগম (শিল্পী), টালিগঞ্জ আসনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস এবং ভবানীপুর আসনে গতবারের প্রার্থী আইনজীবী শ্রীজীব বিশ্বাসের নাম ঘোষণা করা হয়েছে । শারীরিক অসুস্থতার কারণে দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণার সাংবাদিক বৈঠকে অনুপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । তাঁর পরিবর্তে বামেদের অন্যতম বরিষ্ঠ নেতা মিহির বাইন প্রার্থীদের নাম ঘোষণা করেন । এসবের মধ্যেও মুর্শিদাবাদ জেলার দু’টি আসন নিয়ে নতুন করে জটিলতা দেখা দিয়েছে । বহরমপুর এবং ভরতপুর আসন দু’টিতে সিপিআইএমএল লিবারেশনের তরফে প্রার্থী ঘোষণা করা হয়েছে । যদিও ওই আসন দু’টিতে আগে আরএসপি-র তরফে প্রার্থী দেওয়া হতো । সূত্রের দাবি, স্বাভাবিকভাবেই তারা বামফ্রন্টের কাছে অভিযোগ জানিয়েছে । লিবারেশনের কাছে প্রার্থী পুনর্বিবেচনের জন্য আলিমুদ্দিন থেকে প্রস্তাব গিয়েছে । সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এদিন বলেন, “আমাদের প্রার্থী তালিকা এখনও সম্পন্ন হয়নি । সময়ের সঙ্গে সব স্পষ্ট হবে ।” এদিকে আজ তৃণমূল ছেড়ে আইএসএফে যুক্ত হয়েছেন আরাবুল ইসলাম । তা নিয়েও আলোচনা শুরু হয়েছে বামেদের অন্দরে । কারণ, দুটি । এক, বামেদের সঙ্গে আইএসএফের আসন সমঝোতা হচ্ছে এবারের নির্বাচনে । আর দ্বিতীয়ত, আরাবুলের বিরুদ্ধে হিংসা, ভোট লুটের মতো একাধিক অভিযোগ রয়েছে । তৃণমূলে থাকাকালীন এই আরাবুলকে এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় ‘তাজা নেতা’ বলে স্বীকৃতি দিয়েছিলেন । ফলে, আরাবুল ইসলামকে আইএসএফ প্রার্থী করলে তাঁর প্রচারে বাম কর্মী সমর্থকরা থাকবেন কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে । আজ দ্বিতীয় দফায় বামফ্রন্টের তরফে 32 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে । এর আগে, প্রথম তালিকায় 192 জনের নাম ঘোষণা করা হয় । সবমিলিয়ে এখনও পর্যন্ত 224 আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে । আর সিপিআইএমএল লিবারেশনের তরফে ইতিমধ্যে 10টি নাম ঘোষণা করা হয়েছে । প্রাথমিকভাবে সিপিএমের সঙ্গে আইএসএফ-এর আসন সমঝোতা সম্পন্ন হলেও বামফ্রন্ট শরিকদের সঙ্গে কয়েকটি আসনের জটিলতা রয়েছে আইএসএফের । সেই জটিলতা খুব দ্রুত কাটিয়ে ওটা সম্ভব হবে বলে মনে করছেন বিমান বসু, মহম্মদ সেলিম ও নওশাদ সিদ্দিকীরা ।

বামফ্রন্টের দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় যাঁদের নাম ঘোষণা হল –

1) কালচিনি – আরএসপি- পাসং শেরপা
2) করণদিঘি – সিপিআইএম – মহম্মদ সাহাবুদ্দিন
3) হাবিবপুর – সিপিআইএম – বাসুদেব মুর্মু
4) চাঁচল – সিপিআইএম – আনোয়ারুল হক

5) ভগবানগোলা – সিপিআইএম – মাহমুদল হাসান
6) রানিনগর – সিপিআইএম – জামাল হোসেন
7) নবগ্রাম (এসসি) – সিপিআইএম – পূর্ণিমা দাস
8) জলঙ্গি – সিপিআইএম – ইউনুস আলি সরকার

9) কৃষ্ণনগর উত্তর – সিপিআইএম – অদ্বৈত বিশ্বাস
10) কৃষ্ণগঞ্জ (এসসি) – সিপিআইএম – অর্চনা বিশ্বাস
11) কল্যাণী (এসসি) – সিপিআই(এম) – সবুজ দাস
12) বসিরহাট দক্ষিণ – সিপিআইএম – আইনুল আরফিন (রাজু আহমেদ)
13) কুলতলি (এসসি) – সিপিআইএম – রামশঙ্কর হালদার
14) জয়নগর (এসসি) – সিপিআইএম – অপূর্ব প্রামাণিক
15) বারুইপুর পশ্চিম – সিপিআইএম – লায়েক আলি
16) ডায়মন্ড হারবার – সিপিআইএম – সমরেন্দ্রনাথ নাইয়া
17) টালিগঞ্জ – সিপিআইএম – অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস
18) মেটিয়াবুরুজ – সিপিআইএম – আইনজীবী মনিরুল ইসলাম
19) ভবানীপুর – সিপিআইএম – আইনজীবী শ্রীজীব বিশ্বাস
20) বালিগঞ্জ – সিপিআইএম – আফরিন বেগম (শিল্পী)
21) চাঁপদানি – সিপিআইএম – আইনজীবী চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
22) জাঙ্গিপাড়া – সিপিআইএম – সুদীপ্ত সরকার
23) পুরশুড়া – সিপিআইএম – সন্দীপকুমার সামন্ত
24) পাঁশকুড়া পূর্ব – সিপিআইএম – ইব্রাহিম আলি
25) পাঁশকুড়া পশ্চিম – সিপিআইএম – নিরঞ্জন সিহি
26) নন্দীগ্রাম – সিপিআই – শান্তি গিরি
27) খেজুরি (এসসি) – সিপিআইএম – হিমাংশু দাস
28) নয়াগ্রাম (এসটি) – সিপিআইএম – ডা. পুলিনবিহারী বাস্কে
29) গোপীবল্লভপুর – সিপিআই – বিকাশ সারেঙ্গী
30) মন্তেশ্বর – সিপিআইএম – অনুপম ঘোষ
31) আসানসোল উত্তর – সিপিআই – অখিলেশ কুমার সিং
32) মুরারই – সিপিআইএম – মহম্মদ আলি রেজা মণ্ডল