শুক্রবার প্রকাশিত হতে চলেছে এবছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল । সকাল সাড়ে ৯টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় । তারপরেই সকাল ১০টা ১৫ মিনিট থেকে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে নিজেদের ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা ।

মাধ্যমিকের ফলাফল দেখার ওয়েবসাইট দু’টি হল, www.wbbsedata.com এবং www.wbbse.wb.gov.in । পর্ষদের অফিসিয়াল পোর্টালে নিজেদের রোল নম্বর ও জন্ম তারিখ দিয়ে রেজাল্ট দেখতে পারবেন। এছাড়াও পর্ষদের তরফে মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে । গুগল প্লে স্টোর থেকে সেই অ্যাপ ডাউনলোড করে নিজেদের ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা । সেই অ্যাপ তিনটি হল iResults, Madhyamik Results, Edutips App । ফল প্রকাশের দিনই সংশ্লিষ্ট স্কুলগুলি থেকে মার্কশিট ও অন্যান্য প্রয়োজনীয় নথি বিতরণের ব্যবস্থা করা হবে । ছাত্রছাত্রীরা সেগুলি সেখান থেকে সংগ্রহ করতে পারবেন ৷ এ বছর রাজ্যজুড়ে বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন । এর মধ্যে ছাত্রের সংখ্যা ৪ লক্ষ ২৬ হাজার ৭৩৩ জন ৷ ছাত্রী ৫ লক্ষ ৪৪ হাজার ৬০৬ জন এবং একজন রূপান্তরকামী পরীক্ষার্থী রয়েছেন । গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা বেড়েছে । মোট ২৬৮১টি পরীক্ষাকেন্দ্র বাছাই করা হয়েছে । তার মধ্যে মূল পরীক্ষাকেন্দ্র রয়েছে ৯৪৫টি এবং উপ-কেন্দ্র ১৭৩৭টি । পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি । শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি । এই বছর মাধ্যমিক পরীক্ষায় মোট ৫১ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে ৷ কারণ এরা সকলেই মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে এসেছিল । তাদের কেউ কেউ আবার কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়েছিল । যদিও শেষ মুহূর্তে ধরা পড়ে যায় পর্যবেক্ষকের কাছে ।

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ

অন্যদিকে শুক্রবার মাধ্যমিকের পর আগামী ১৪ তারিখ প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল । এই বছর থেকেই প্রথম উচ্চমাধ্যমিক পরীক্ষা সেমেস্টার পদ্ধতিতে হচ্ছে । ফলে চতুর্থ সেমেস্টারের ফল প্রকাশ হবে আগামী বৃহস্পতিবার । সকাল ১০টা ৩০ মিনিটে সল্টলেকের বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে । উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা সেদিনই সকাল ১১টা থেকে অনলাইনে নিজেদের ফলাফল দেখতে পারবেন । তারপর স্কুলগুলিতে থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবেন ৷