শনিবার সাতসকালে জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। কম্পন অনুভূত হয় ভারতের জম্মু ও কাশ্মীরেও। জানা গিয়েছে, শনিবার ভোরে আফগানিস্তানের রাজধানী কাবুল-সহ বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয় কম্পন। প্রাথমিক তথ্য অনুসারে, রিখটার স্কেলে কম্পন মাত্রা ছিল ৫.৩। হতাহতের কোনও খবর এখনও মেলেনি। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে (USGS)-এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় প্রায় সকাল ৭টা ২৪ মিনিটে ভূমিকম্পটি হয়। এর কেন্দ্রস্থল ছিল উত্তর-পূর্ব আফগানিস্তানে, হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে, যা ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। প্রায় ৩৬.৬২ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৭০.৭৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে, এবং গভীরতা ছিল প্রায় ১৯৮.৮ কিলোমিটার। কেন্দ্রস্থলের গভীরতা প্রায় ১৯৮ কিলোমিটার হওয়ায় কম্পন বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। রাজধানী Kabul-সহ বিভিন্ন অঞ্চলে কাঁপুনি অনুভূত হয়। এই কম্পনের প্রভাব আফগানিস্তানের বাইরে গিয়েও পড়ে। ভারতের উত্তরে কাশ্মীরে এবং পাকিস্তানের একাধিক এলাকায় ভূমিকম্পের ঝাঁকুনি টের পাওয়া যায়। যদিও বহু মানুষ আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন, এখনও পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।