ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে বুধবার মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । দলনেত্রীর কালীঘাটের বাড়ি থেকে আলিপুরের সার্ভে বিল্ডিং পর্যন্ত বর্ণাঢ্য মিছিল হয়।বুধবার সকাল পৌনে ১১টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পায়ে হেঁটে মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুর সার্ভে বিল্ডিংয়ে পৌঁছোন। মুখ্যমন্ত্রীর সঙ্গে যায় বিশাল মিছিল। মনোনয়ন পর্বে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, কাউন্সিলর এবং মুখ্যমন্ত্রীর ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়, কার্তিক বন্দ্যোপাধ্যায়, ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়, দলের নেতা সন্দীপ বক্সী প্রমুখ। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আপনাদের সকলকে ধন্যবাদ। ভবানীপুরের মানুষকে ধন্যবাদ। আপনাদের নমস্কার জানিয়ে আমি আমার নমিনেশন ফাইল করলাম। আমি চাই ২৯৪ টি কেন্দ্রে তৃণমূলকে ভোট দেওয়ার জন্য বাংলার মানুষকে আবেদন জানাই। সরকার আমরাই গড়ব ৷ এখন চলছে চলবে। আপনারা সকলে ভাল থাকুন। এত মানুষের নাম বাদ গিয়েছে। ৩২ লক্ষ নাম উঠেছে ৷ আমার কোর্টে কেস করার জন্য ২৭ লক্ষের ভোটেধিকার আছে বলে মনে করি। যারা অ্যাডজুডিকেশনে আছে তাদের ভোটেধিকার আছে। তাই আমরা আবার যাবো। এটা সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল ৷’’

