বাংলা নববর্ষের প্রাক্কালে কালীঘাট মন্দিরে পুজো দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের কয়েকজনের সঙ্গে তিনি মন্দিরে হাজির হন। এরপর কালী মাকে শাড়ি, মালা দিয়ে, মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুজো দেন মমতা। নববর্ষের দিন তাঁর উত্তরবঙ্গে একাধিক নির্বাচনী কর্মসূচি রয়েছে। তার আগে মঙ্গলবার কালীঘাটে পুজো দিলেন তিনি। লাগাতার নির্বাচনী প্রচারে ব্যস্ত মমতা। আজকেও একাধিক জায়গায় জনসভা ছিল তাঁর। সেই সব কর্মসূচি সেরে সন্ধ্যায় কালীঘাট মন্দিরে আসেন তিনি। পুজো দেওয়ার পর মায়ের আরতিও করেন মমতা। মন্দির থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। পাশাপাশি সকলের সুস্থতা কামনা করেন। তাঁর কথায়, “বাংলার সব পরিবার পরিজন-সহ বিশ্বের সব পরিবার পরিজনকে প্রণাম জানাচ্ছি। মায়ের কাছে সকলের জন্য প্রার্থনা করেছি। মা সকলকে শক্তি দিক, ভক্তি দিক। সকলে ভাল থাকুন। শুভ নববর্ষ।”