ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্তা নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার শ্রমিকরা এমনি বাইরে নেই। তাঁদের ভিনরাজ্যে ‘জামাই আদর’ করে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি মমতার। কারণ বিভিন্ন বিষয়ে তাঁরা দক্ষ। কিন্তু কেন ওড়িশা, হরিয়ানা, মহারাষ্ট্র, গুজরাতে বাঙালি শ্রমিকদের হেনস্তা করা হচ্ছে? সেই প্রশ্ন তোলেন মমতা পাশাপাশি জানিয়েছেন, বাংলার মেধা ছাড়া বিদেশের নামী শিক্ষাপ্রতিষ্ঠান চলতে পারে না। তিনি বলেন, “মার্কিন প্রেসিডেন্ট গুজরাতের লোকদের কোমরে শিকল বেঁধে পাঠিয়ে দিয়েছে। বাংলার মেধাকে তাড়াতে পারে না।” দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাঙালি শ্রমিকদের হেনস্তার অভিযোগ উঠেছে বারংবার। কোথাও মারধর, কোথাও থানায় নিয়ে গিয়ে হেনস্তার অভিযোগ উঠেছে। সবজায়গাতেই একটা বিষয় ‘কমন’ বাংলা বলার অপরাধে তাঁদের অত্যাচার করা হয়েছে। বাংলা থেকে ২২ লক্ষ শ্রমিক বাইরের রাজ্যে কাজ করেন। মুখ্যমন্ত্রীর দাবি, তাঁদের জামাই আদর করে নিয়ে যাওয়া হয়েছে। মমতার কথায়, “দয়া করে ওঁদের নিয়ে যাওয়া হয়নি। কেউ সোনার কাজ ভালো করে। কেউ জামা-কাপড় ভালো তৈরি করেন। কেউ কনস্ট্রাকশনের কাজ ভালো পারে। ডেকে নিয়ে যাওয়া হয়েছে জামাই আদর করে। কিন্তু তাঁদের ভাগ্যে আজ জুটছে লাঞ্চনা, বঞ্চনা, অত্যাচার, অনাচার।”