কালীঘাটের তৃণমূল কার্যালয়ে সিআইডি হানা। আর তিনি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর দুয়ারে। সই জাল কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি সংলগ্ন অফিসে যখন তদন্তকারী আধিকারিকরা তল্লাশি চালানোর জন্য হাজির হয়েছেন, ঠিক তখনই দিল্লিতে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়ার ১০ জনপথের বাসভবনে যাচ্ছেন তৃণমূল নেত্রী। কালীঘাটের বাড়ির দু’য়ারে সিআইডি আধিকারিকরা হাজির হওয়ার কিছুক্ষণ পরই দিল্লির বাড়ি থেকে বেরিয়ে ১০ জনপথের উদ্দেশে রওনা দেন তৃণমূলনেত্রী। বস্তুত সেই রাজীব গান্ধীর আমল থেকেই সোনিয়ার সঙ্গে সুসম্পর্ক রয়েছে মমতার। মাঝে রাজনীতির ঘাত-প্রতিঘাতেও সেই সম্পর্কে বিশেষ চিড় ধরেনি। একদিন আগেই ইন্ডিয়া জোটের বৈঠকে সোনিয়াকে আলিঙ্গন করেছিলেন মমতা। হাসিমুখে ছবিও তোলেন দু’জনে। তারপরই মঙ্গলবার কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সনের বাড়িতে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। স্বাভাবিকভাবেই এই সাক্ষাৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছে।