কোলাঘাটের প্রশাসনিক বৈঠকের পর রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ নিয়ে জল্পনা চললেও, তৃণমূল কংগ্রেসের প্রতি নিজের আনুগত্য পুনরায় স্পষ্ট করলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেব । মঙ্গলবারের ওই বৈঠকের পর দেব সাফ জানালেন, তিনি সারা জীবন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবেন এবং তাঁর পাশেই আছেন। এদিনের প্রশাসনিক বৈঠকে দেবের উপস্থিতি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ঘাটালের সাংসদ দেবের সঙ্গে তাঁর ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। রাজ্য সরকার যে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে বদ্ধপরিকর, তা এদিনের বৈঠক থেকে আরও স্পষ্ট হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, “বর্তমান সরকারও চায় ঘাটাল মাস্টার প্ল্যান হোক। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।” প্রশাসনিক বৈঠকের পর বেরিয়ে এসে দেবের এই মন্তব্য তৃণমূলের অভ্যন্তরীণ অস্থিরতার মাঝে বিশেষ গুরুত্ব বহন করছে। দলের অন্দরে যখন বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য তৈরি হচ্ছে, তখন নেত্রীর প্রতি দেবের এই বার্তা অত্যন্ত ইতিবাচক বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। দেবের এই অবস্থান দলের নেতা-কর্মীদের কাছেও স্বস্তির বার্তা পৌঁছে দিয়েছে। প্রশাসনিক কাজ এবং মাস্টার প্ল্যানের বাস্তবায়ন নিয়ে রাজ্য সরকারের এই উদ্যোগ আগামী দিনে ঘাটালবাসীর দীর্ঘদিনের সমস্যার সমাধানে কতটা সফল হয়, এখন সেটাই দেখার।