জলাশয়ে পড়ে গেল যাত্রীবাহী পিকআপ ভ্যান ৷ ঘটনায় মৃত্যু ৮ জনের ৷ জানা গিয়েছে, মহারাষ্ট্রের সোলাপুর জেলার মালশিরাস তালুকার মহাসওয়াদ থেকে যাত্রা শুরু করে পন্ধরপুরের দিকে যাচ্ছিল এই পিকআপ ভ্যানটি ৷ রাস্তায় তান্ডুলওয়াড়ির কাছে সেটি এই জলাধারে পড়ে যায় ৷ ঘটনায় মৃত্যুদের মধ্যে কয়েকজন শিশু আছে বলেও জানা গিয়েছে।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, মৃতরা সকলেই তীর্থযাত্রী ছিলেন ৷ একটি মন্দিরে তাঁরা পুজো দিতে গিয়েছিলেন। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত এই তীর্থযাত্রীরা পন্ধরপুর তালুকার রঞ্জনি গ্রামের বাসিন্দা । তাঁরা একটি পিকআপ ভ্যানে করে তীর্থযাত্রায় বেরিয়েছিলেন। মহাসওয়াদের একটি মন্দির দর্শন করে ফেরার পথে তান্ডুলওয়াড়ির কাছে এই দুর্ঘটনাটি ঘটে। সাগর চৌগুল নামে এক ব্যক্তি তাঁর পরিবারের সদস্যদের নিয়ে ওই গাড়িতে করে মন্দির দর্শনে গিয়েছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, মৃতদেহ গুলি উদ্ধার করে পন্ধরপুরের মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, যে জলাধারে গাড়িটি পড়ে গিয়েছিল, তার চারপাশে কোনও সুরক্ষা প্রাচীর বা প্যারাপেট ছিল না। থাকলে এত বড় দুর্ঘটনা হয়তো এড়িয়ে যাওয়া যেত ৷ দুর্ঘটনার পর এনসিপি বিধায়ক রোহিত পওয়ার এক্স হ্যান্ডেলে ঘটনাটিকে অত্যন্ত বেদনাদায়ক, দুর্ভাগ্যজনক এবং মর্মান্তিক বলেছেন ৷ তিনি লিখেছেন, “মৃতদের প্রতি শ্রদ্ধা জানাই ৷ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর এই গভীর শোকে আমরা সকলেই সমব্যাথী। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি প্রশাসনকে অবিলম্বে উদ্ধারকাজে সহায়তা করতে হবে।” রাজ্যের মন্ত্রী জয়কুমার গোরে বলেন, ” পূণ্যার্থীদের মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমি পুলিশের কাছ থেকে তথ্য সংগ্রহ করছি। জলাধারটির চারপাশে কোনও সুরক্ষা প্রাচীর ছিল কি না সেটা আমরা খতিয়ে দেখব ৷ যারা এর জন্য দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” পন্ধরপুর উপজেলা হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট প্রাথমিকভাবে জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত পিকআপ ভ্যানটিতে থাকা মৃতদের মধ্যে ছয় মাস বয়সি এক শিশুকন্যা রয়েছে ৷ প্রাণ গিয়েছে, আট বছর বয়সি এক শিশুরও।

