আলিপুরে প্রশাসনিক ভবনে ভয়াবহ আগুন ৷ বুধবার সকালে আলিপুর কোর্ট চত্বরে অবস্থিত দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে এই বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে । বেলভেডিয়ার রোডের ওই বহুতল প্রশাসনিক ভবন থেকে হঠাৎ কালো ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায় ৷ যার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় । খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী । দমকল সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল 9 টা 30 মিনিট নাগাদ আগুন লাগে আলিপুর কোর্টের পাশে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ ভবনে ৷ দাউ দাউ করে জ্বলতে থাকে ভবনের চারতলাটি ৷ প্রাথমিকভাবে দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে ৷ পরে আগুনের ভয়াবহতা দেখে আরও পাঁচটি ইঞ্জিন সেখানে আনা হয় ৷ মোট 12টি ইঞ্জিন নিয়ে দমকলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন । নিরাপত্তার স্বার্থে ভবনের আশপাশের এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং সাধারণ মানুষের চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে । দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে । চারতলার এসি থেকেই কোনওভাবে এই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে । তবে কীভাবে আগুন ছড়িয়ে পড়ল এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এখনও স্পষ্ট নয় । বেশ কিছু ফাইল ও জিনিসপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷ আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে । এখনও পর্যন্ত কোনও হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি ।